রাজধানীর মিরপুরের পীরের বাগ থেকে অর্ধ শতাধিক ককটেল ও বিপুল পরিমাণ বিস্ফোরকসহ ঢাকা কলেজের ছাত্র ও শিবিরের সক্রিয় দুই সদস্যকে গ্রেফতার করেছে মিরপুর থানা পুলিশ।
মঙ্গলবার রাতে মধ্য পীরের বাগের ৮৫/৪ নম্বর বাসার চতুর্থ তলার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন- শফিউদ্দিন (২২) ও আবদুর রহিম (২০)।
মিরপুর থানা পুলিশ জানায়, গোপন খবরের ভিত্তিতে এসআই জাহাঙ্গীর আলম ও এএসআই লিটন শরীফের নেতৃত্বে পুলিশের একটি দল ওই ভবনের চতুর্থ তলার দক্ষিণ পাশের একটি ফ্ল্যাটে অভিযান চালায়। এ সময় অভিযানের খবর জানতে পেরে সেখান থেকে পালিয়ে যান ভবনটির মালিক ও মিরপুর থানা ছাত্র শিবিরের সভাপতি আলী হোসেনসহ কয়েকজন।
পুলিশ ওই ফ্ল্যাট থেকে তাদের দুই সহযোগী শিবিরের সক্রিয় সদস্য শফিউদ্দিন ও আবদুর রহিমকে গ্রেফতার করে। পরে ওই ফ্ল্যাট থেকে ৫৫টি তাজা ককটেল, বিপুল পরিমাণ বিস্ফোরক, বেশ কিছু ইলেকট্রনিক ডিভাইস, চার শতাধিক জিহাদি বই ও একটি চাপাতি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, বাসাটি মিরপুর থানা ছাত্র শিবিরের সভাপতি আলী হোসেনের নামে ভাড়া নেয়া। গ্রেফতারকৃতদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ব্যাপারে মিরপুর থানায় বিস্ফোরক আইনে একটি মামলা করা হয়েছে।


