একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর করা আপিল আবেদনের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আগামী ৮ মার্চ চূড়ান্ত রায়ের জন্য দিন ধার্য করা হয়েছে। প্রথমে এ তারিখ ২ মার্চ নির্ধারণ করা হয়েছিল।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে ৫ সদস্যের আপিল বেঞ্চ বুধবার রায়ের এ দিন ধার্য করেন।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার কার্যালয় জানায়, রায়ের তারিখ ৮ মার্চ পুনর্নির্ধারণ করা হয়েছে। ২ মার্চ সিলেটে প্রধান বিচারপতির একটি অনুষ্ঠান থাকায় রায়ের তারিখ পুনর্নির্ধারণ করা হয়।
মীর কাসেমের আপিল শুনানিতে বুধবার রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। রাষ্ট্রপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
পরে আসামিপক্ষে সমাপনী যুক্তিতর্ক উপস্থাপন করেন মীর কাসেমের প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।
এ আপিল বেঞ্চের অপর সদস্যরা হলেন- বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান।
গত ৯ ফেব্রুয়ারি মীর কাসেমের আপিল আবেদনের শুনানি শুরু হয়।
২০১৪ সালের ২ নভেম্বর মীর কাসেম আলীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। এ রায়ের বিরুদ্ধে ওই বছরের ৩০ নভেম্বর মীর কাসেম আলী আপিল করেন।
মীর কাসেম তার দেড়শ’ পৃষ্ঠার মূল আপিলসহ এক হাজার ৭৫০ পৃষ্ঠার আপিলে ১৬৮টি কারণ দেখিয়ে ফাঁসির আদেশ বাতিল করে খালাস চেয়েছেন।


