রেললাইনের নিচের মাটি সরে যাওয়ায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। কমলগঞ্জের স্টেশন মাস্টার রুস্তম আলী ফকির বৃহস্পতিবার সকালে জানান, মৌলভীবাজারের কমলগঞ্জে একটি ব্রিজের মুখে মাটি সরে গেছে।
তিনি বলেন, ভোর সাড়ে ৫টার দিকে শ্রীমঙ্গল ও ভানুগাছের ১৫৭ নম্বর সেতু সংলগ্ন এলাকায় রেললাইনের নিচের মাটি ধসে পড়ে। এ কারণে ঝুঁকি এড়াতে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়।
লাইন বন্ধ থাকায় সিলেট থেকে ছেড়ে আসা জালালাবাদ এক্সপ্রেস ভানুগাছ রেলস্টেশনে এবং চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া উদয়ন এক্সপ্রেস শায়েস্তাগঞ্জে আটকা পড়েছে বলে জানান তিনি।
ইতোমধ্যে মেরামতের কাজ শুরু হয়েছে বলে রুস্তম আলী জানান।
ঘটনাস্থল থেকে কুলাউড়া স্টেশনের প্রকৌশলী পীযূষ কান্তি দে বলেন, “বুধবারের ভারি বর্ষণে সৃষ্ট পাহাড়ি ঢলে মাটি সরে গিয়ে প্রায় ২০ ফিট উচ্চতার গার্ডার ১৪ ফিটে নেমে এসেছে । যার মেরামতের কাজ চলছে।”


