মুম্বাই বোমা হামলায় জড়িতদের কাছ থেকে অবৈধ অস্ত্র কেনার দায়ে পাঁচ বছর জেল খেটে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বলিউড তারকা সঞ্জয় দত্ত।
এনডিটিভির খবরে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৯ টায় মহারাষ্ট্রের ইয়েরওয়াড়া কারাগার থেকে মুক্তি পাওয়ার পর জেলখানার দিকে ফিরে স্যালুট করেন ৫৬ বছর বয়সী এই অভিনেতা। এরপর সঙ্গে থাকা একটি বড় ব্যাগ কাঁধে তুলে নিয়ে বেরিয়ে আসেন মুক্ত সঞ্জয়।
স্ত্রী মান্যতা আর পরিবারের সদস্যরা সকাল থেকেই কারাগারের বাইরে অপেক্ষায় ছিলেন। আরও ছিলেন বিপুল সংখ্যক সংবাদকর্মী।
জেলখানা থেকে পুনে বিমানবন্দরে যাওয়ার জন্য গাড়িতে ওঠার আগে সাংবাদিকদের ভিড় ঠেলে এগোনোর সময় সঞ্জয় বলেন, “মুক্তির কোনো সহজ পথ নেই বন্ধু।”
১৯৯৩ সালে মুম্বাই হামলায় ব্যবহৃত একে-৪৭ রাইফেল কেনার জন্য দোষী সাব্যস্ত হলে সঞ্জয়কে কারাগারে যেতে হয়। ভয়াবহ সেই জঙ্গি হামলায় নিহত হয়েছিল আড়াইশর বেশি মানুষ। বহু সিনেমায় গ্যাংস্টারের ভূমিকায় অভিনয় করা সঞ্জয়ের দাবি ছিল, হিন্দু-মুসলিম দাঙ্গার মধ্যে নিজের পরিবারকে রক্ষার জন্য ওই অস্ত্র তার প্রয়োজন ছিল।
বিচার চলাকালে ১৮ মাস কারাভোগ করেন এই অভিনেতা। এরপর কিছু দিন জামিনে থাকলেও ২০১৩ সালে সুপ্রিম কোর্টের রায়ে বাকি শাস্তি ভোগ করতে তাকে ইয়েরওয়াড়া কারাগারে পাঠানো হয়।
পাঁচ বছরের শাস্তির মধ্যে দুই দফায় ৫০ মাস কারাভোগ করেছেন এই তারকা। তার মুক্তি পাওয়ার কথা ছিল আরও ১৪৪ দিন পর। তবে ‘ভালো’ আচরণের পুরস্কার হিসেবে কিছুদিন আগেই তার মুক্তি মিললো।
এর মধ্যে বিশেষ উপলক্ষ্যে কয়েক ঘণ্টার জন্য বাড়িতে যাওয়ারও সুযোগ পেয়েছিলেন সঞ্জয়, যা নিয়ে নানা বিতর্কের সৃষ্টি হয়।
চলচ্চিত্র অভিনেতা, রাজনীতিবিদ সুনীল দত্ত ও বিখ্যাত অভিনেত্রী নার্গিসের সন্তান সঞ্জয় অভিনয় করেছেন শতাধিক ছবিতে, কয়েক ডজন পুরস্কারও পেয়েছেন।
এনডিটিভির খবরে বলা হয়, ‘মুন্নাভাই এমবিবিএস’ চরিত্রের জন্য খ্যাত এই অভিনেতা পুনে থেকে সরাসরি মুম্বাইয়ের বিখ্যাত সিদ্ধিভিনায়ক মন্দিরে যাবেন। এরপর মেরিন লাইন স্টেশনের কাছে বাদা কবরস্থানে মায়ের কবর দেখে এসে পালি হিলের বাড়িতে ফিরবেন।


