বুধবার ৪ নভেম্বর ২০২৬

শিক্ষকদের অনশন ভাঙালেন এরশাদ

ershad-teacherএমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের আমরণ অনশনে সংহতি জানিয়ে প্রধানমন্ত্রীর বিশেষ দূত এবং জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, আপনি তো মা, আপনার সন্তানদের দাবি মেনে নিন।’

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলা‌দেশ শিক্ষক ঐক্য প‌রিষদের আমরণ অনশন কর্মসূচিতে সংহতি জানিয়ে তিনি একথা বলেন।

এরশাদ বলেন, ‘বাবা-মায়ের পরে শিক্ষকদের স্থান, তারা রাস্তায় অবস্থান করছেন। অথচ কেউ দেখার নেই।’

তিনি বলেন, ‘২০১১ সালের ১৩ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের জারিকৃত প্রজ্ঞাপনের ফলে ৫ বছর বিনাবেতনে থেকে এই শিক্ষকরা কিভাবে এতোদিন বেঁচে আছেন এটাই প্রশ্ন। শিক্ষকরা আমাদের মানুষ করে, আর এই শিক্ষকরা মানবেতর জীবন যাপন করছে।’ তাই শিক্ষকদের এই দাবি মেনে নিতে সরকারের প্রতি অনুরোধ জানান এরশাদ।

এ সময় শিক্ষকদের উদ্দেশ্যে সাবেক এই প্রেসিডেন্ট বলেন, ‘আপনারা অনশন প্রত্যাহার করে ঘরে ফিরে যান। শিক্ষামন্ত্রী দেশের বাইরে থাকায় আমি শিক্ষা সচিবের সঙ্গে কথা বলেছি। আশা করি সংশ্লিষ্টরা যথাযথ ব্যবস্থা নেবেন।’ এ সময় পানি পান করিয়ে শিক্ষকদের অনশন ভাঙান এরশাদ।

এর আগে, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবে বলে ঘোষণা দিয়েছিলে সংগঠনটির সভাপতি প্রদীপ চন্দ্র রায়।

আরও পড়ুন