মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজ গ্রামে দুই সন্তানকে বিষ খাওয়ানোর পর রহিমা বেগম (৩২) নামের এক মা নিজেও বিষপানে আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। ছেলে আকাশ (৭)ও মেয়ে তাসলিমা আক্তার মেঘলাকে (১২) মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত রহিমা সাটুরিয়ার হরগজ গ্রামের আব্দুর রহিমের স্ত্রী। ঘটনার পর থেকে তার স্বামী ও শ্বশুর সাহেব আলী পলাতক।
রহিমার স্বামী পরকীয়ায় লিপ্ত। এ নিয়ে দু’জনের মধ্যে বিরোধ চলে আসছে। প্রায়ই আব্দুর রহিম স্ত্রীকে নির্যাতন করতেন।
নিহতের স্বজন ও পুলিশের ধারণা, স্বামীর নির্যাতনে অতিষ্ট হয়ে রহিমা দুই সন্তানকে বিষ খাইয়ে নিজেও আত্মহত্যা করেছেন।
মানিকগঞ্জ সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আনিসুর রহমান বলেন, ভাই-বোনকে চিকিৎসা দেয়া হয়েছে। উভয়ে শংকামুক্ত।
সাটুরিয়া থানার ওসি হাবিবুল্লাহ সরকার বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে নেয়ার প্রস্তুতি চলছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের আটক করা হবে।


