রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। শনিবার সন্ধ্যায় এই আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
রাত ৮টার দিকে ব্র্যাক কর্মকর্তা নাজমুল হুদা জানান, পঞ্চম তলায় মানবসম্পদ বিভাগের একটি কক্ষে আগুন লেগেছিল। আগুনে সেখানে থাকা আসবাবপত্র ও প্রয়োজনীয় কাগজ পুড়ে গেছে। পৌনে ৮টার দিকে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
একাধিক প্রত্যক্ষদর্শী জানান, আগুনে ভবনের নিচতলা থেকে পাঁচতলা পর্যন্ত ধোঁয়াচ্ছন্ন হয়ে আছে। সন্ধ্যা সাড়ে ৭টার পর শাকিল নামে একজন লিফট অপারেটরকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।


