রাজধানীর হাজারীবাগে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে স্বামীর প্রহারে ওই গৃহবধূর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে স্বজনরা। গত রাতে রাম দুলালী (২৬) নামে ওই গৃহবধূকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন তার স্বামী কিষাণ দাস।
আজ ভোরের দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রাম দুলালীর পিতা লাল দাস অভিযোগ করেন, স্বামীর নির্যাতনেই তার মেয়ের মৃত্যু ঘটেছে। এর আগেও বিভিন্ন সময় রাম দুলালীকে শারীরিক নির্যাতন করা হয়েছে বলেও অভিযোগ করেন তার পিতা। এদিকে অভিযোগ অস্বীকার করে নিহত গৃহবধূর স্বামী জানান, গতরাতে বাথরুমে জ্ঞান হারিয়ে ফেলেন তার স্ত্রী। এরপর তিনি তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।


