রান্নাঘরের গ্যাস বিস্ফোরণে দগ্ধ হয়ে দেড় ঘণ্টার ব্যবধানে দুই ছেলের মৃত্যুর পর এবার মারা গেলেন বাবা প্রকৌশলী শাহনেওয়াজ। শনিবার বিকেলে সাড়ে ৫টার দিকে তিনি মারা যান।
চিকিৎসকরা জানিয়েছেন, শাহনেওয়াজ (৫০) ও তার স্ত্রী সুমাইয়া বেগম দু’জনেই ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিলেন। তাদের তিন ছেলের মধ্যে দুইজন গতকাল শুক্রবারেই মারা গেছে। আর এই দম্পতির মেজ ছেলে জারিফকে (১১) প্রথমদিনই প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয় বলে জানান হাসপাতালের আবাসিক সার্জন পার্থ শঙ্কর পাল।
মর্মান্তিক এই ঘটনা ঘটেছে গতকাল শুক্রবার সকাল ৭টার দিকে উত্তরার ১৩ নম্বর সেক্টরের ৩ নম্বর রোডের ৮ নম্বর বাড়ির সাত তলা ভবনের সপ্তম তলার ফ্ল্যাটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। কিন্ত এর আগেই আগুনে পরিবারটির পাঁচজন দগ্ধ হন।
শাহনেওয়াজের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রকৌশল বিভাগে মেইনটেইনেন্স ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি করেন তিনি।
গত ২০ ফেব্রুয়ারি উত্তরার ওই ফ্ল্যাটে পরিবার নিয়ে উঠেছিলেন শাহনেওয়াজ। ফায়ার সার্ভিস কর্মীদের ধারণা, ওই বাসার গ্যাসের চুলা বা লাইনে সমস্যা ছিল। এর ফলে গ্যাস বের হয়ে রান্নাঘর থেকে পুরো ফ্ল্যাটে ছড়িয়ে যায় এবং সকালে চুলা জ্বালাতে গিয়ে অগ্নিকাণ্ড ঘটে।
পারিবারিক সূত্র জানায়, ছয় তলা ভবনের ছাদে আটশত বর্গফুটের তিন রুমের এ ফ্ল্যাটে প্রকৌশলী শাহনেওয়াজ ভাড়ায় আসেন গত ২০ ফেব্রয়ারি। নতুন সংসার, গোছানো চলছিল। শুক্রবার খুব ভোরে তিনি ফজরের নামাজ পড়েন। এরপর ১৪ মাসের শিশুপুত্র জায়ানকে কোলে নিয়ে ঘরের মধ্যে পায়চারী করছিলেন। তার স্ত্রী সুমাইয়া বেগম রান্না ঘরে যান। পাশাপাশি তার বড় দুই ছেলে শালিল ও জারিফ নিজেদের কক্ষে ঘুমিয়ে ছিল।


