সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, পানি সম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বেইমান। তিনি ওয়ান-ইলেভেনের কুশীলবদের অন্যতম। ওয়ান-ইলেভেনে হাসিনা-খালেদাকে দলের প্রধান থেকে সরানো হয়নি। অথচ জাতীয় পার্টিকে ধ্বংস করতে আনিস আমাকে চেয়ারম্যানের পদ থেকে সরিয়েছিল। এখন মন্ত্রী হওয়ার সুবাদে কুচক্রীদের মধ্যে পাঁচজনের নাম এলেও তার নাম আসেনি। তার বিচার হওয়া উচিত।
রোববার বিকেলে শেরপুর জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এরশাদ বলেন, ছোট ভাই জি এম কাদের জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবং রহুল আমীন হাওলাদার দলের মহাসচিব হওয়ায় পার্টিতে নতুন করে প্রাণ সঞ্চার হয়েছে।
জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ মো. ইলিয়াছ উদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের, প্রধান বক্তা ছিলেন মহাসচিব রহুল আমীন হাওলাদার এমপি এবং কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সম্মেলনে প্রায় ২ হাজার কাউন্সিলর ও ডেলিগেট অংশগ্রহণ করেন। জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ পরে নতুন কমিটির সভাপতি হিসেবে ইলিয়াছ উদ্দিন ও সাধারণ সম্পাদক হিসেবে শফিকুল ইসলামের নাম ঘোষণা করেন।
এর আগে দুপুরে জামালপুর পাবলিক হলে জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার সময় এরশাদ বলেন, দেশে আজ শিশুহত্যা হচ্ছে, মেয়েরা ঘর থেকে বের হতে পারছে না। দেশে এখন সুশাসনের অভাব, আমরা ক্ষমতায় গেলে সেই সুশাসন ফিরিয়ে আনব, একটু অপেক্ষা করুন, সুদিন আসছে। তিনি বলেন, জাতীয় পার্টি আজও টিকে আছে, ভবিষ্যতেও থাকবে।
প্রেসিডিয়াম সদস্য ও জেলা জাতীয় পার্টির সভাপতি এম এ সাত্তারের সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতী, কেন্দ্রীয় নেতা তরুণ বসু, জেলা জাতীয় পার্টির সহসভাপতি খন্দকার হাফিজুর রহমান বাদশা, অ্যাডভোকেট মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক ইকবাল এহসান, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন খান প্রমুখ।


