বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

পটুয়াখালীতে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

gunfighjugantor_5498পটুয়াখালী শহরে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে গোলাম মাওলা মৃধা (৩৬) নামে এক যুবক নিহত  হয়েছেন। এদিকে নিহত যুবক গোলাম মাওলা শীর্ষ সন্ত্রাসী বলে দাবি করেছে র‌্যাব।

সোমবার ভোরের দিকে শহরের হেতালিয়া বাঁধ এলাকায় এ ঘটনা ঘটেছে।

এদিকে নিহত মাওলা মৃধার পরিবারের দাবি, রোববার সন্ধ্যার পরে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে শহরের চৌরাস্তা এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ফজলুর রহমান জানান, পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের পশ্চিম পাশে জাহাঙ্গীর খন্দকারের রেইনট্রি বাগানে একদল সন্ত্রাসী একত্রিত হচ্ছে এমব খবর পায় র‌্যাব। ভোর পৌনে ৫টার দিকে এ খবরের ভিত্তিতে র‌্যাবের টহল দল উপস্থিত হলে তাদের লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি ছোড়ে। এ সময় র‌্যাবও পাল্টা গুলি করলে শুরু হয় বন্দুকযুদ্ধ। অন্য সন্ত্রাসীরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে র‌্যাব মাওলা মৃধার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দেশীয় তৈরি এলজি, দুইটি পিস্তলের ম্যাগজিন, তিনটি পিস্তলের তাজা গুলি, ৩টি বন্দুকের গুলির খোসা ও ৬শ ইয়াবা উদ্ধার করা হয়েছে বলেও র‌্যাবের ওই কর্মকর্তা দাবি করেন।

আরও পড়ুন