বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

হবিগঞ্জে শিশু হত্যা: এক আসামির ফাঁসি

Habiganj-Picপ্রায় সাড়ে আট বছর আগে হবিগঞ্জের বানিয়াচংয়ে আট বছরের এক শিশুকে খুন করে মোবাইল ফোন হাতিয়ে নেওয়ার ঘটনায় এক আসামির মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরোজা পারভীন মঙ্গলবার এ রায় ঘোষণা করেন।

ফাঁসির রায় পাওয়া আসামি আব্দুর রশিদ এ সময় কাঠগড়ায় উপস্থিত ছিলেন। সর্বোচ্চ সাজার পাশাপাশি আদালত তাকে ১০ হাজার টাকা জরিমানাও করেছে।

তবে হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতা প্রমাণিত না হওয়ায় মামলার অপর দুই আসামি সিরাজ মিয়া ও সালেহ আহমেদকে খালাস দিয়েছে আদালত। সিরাজ রায়ের সময় আদালতে উপস্থিত থাকলেও সালেহ শুরু থেকেই পলাতক।

বানিয়াচংয়ের ত্রিকর মহল্লার প্রবাসী আব্দুল হামিদের ছেলে মেহেদী হাসান রাসেলকে হত্যার অভিযোগে ২০০৭ সালের ৯ অক্টোবর রশিদসহ ওই তিনজনকে আসামি করে এই হত্যা মামলা দায়ের করেন শিশুটির মা স্বপ্না বেগম।

বানিয়াচং থানার এ মামলার এজাহারে বলা হয়, মেহেদীর কাছ থেকে একটি মোবাইল ফোন হাতিয়ে নেওয়ার জন্য ৮ অক্টোবর রশিদ তাকে হত্যা করে পাশের জঙ্গলে লাশ পুঁতে রাখে। পরদিন তাকে আটকের পর পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে।

এ আদালতর অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল আহাদ ফারুক জানান, ১৪ জন সাক্ষীর জবানবন্দি শুনে বিচারক এ মামলার রায় ঘোষণা করেছেন।

আরও পড়ুন