নেত্রকোণায় বাড়িতে ঢুকে অবসরপ্রাপ্ত জেলা জজ ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরকে কুপিয়েছে দুর্বৃত্তরা। আহত এই মুক্তিযোদ্ধা লতিফ আহমেদ খানকে (৬০) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের জল্লি গ্রামে এ ঘটনা ঘটে।
পারিবারিক বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ। তবে পরিবারের সদস্যরা মনে করছেন, দুর্নীতির প্রতিবাদ করতে গিয়ে তিনি হামলার শিকার হয়েছেন।
নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) খান মো. আবু নাসের বলেন, সকাল সাড়ে ৯টার দিকে লতিফ আহমেদ খানের বসত বাড়িতে হামলা চালিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে দুপুর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পারিবারিক দ্বন্দ্ব ও জমি সংক্রান্ত বিরোধে জেরে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বলেন তিনি।
লতিফ আহমেদের ভাই লুৎফে আহমেদের ছেলে ফয়সল আহমেদ হামলা চালিয়েছে বলে কেন্দুয়া থানার ওসি অভিরঞ্জন দেব জানান।
এদিকে লতিফ আহমেদের মেয়ে ড. তানভিন বিনতে লতিফ বলেন, এলাকায় বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে তার ভাইসহ স্থানীয় কয়েকজনের দুর্নীতির প্রতিবাদ করেন তিনি।ওই ঘটনা নিয়ে বিরোধের জেরে হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তানভিন বিনতে লতিফ জানান, অসুস্থতার কারণে তার বাবা বিচারক এবং অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরের পদ থেকে অবসর নেন।


