বিএনপির মতো একটি অগণতান্ত্রিক সংগঠনের নেতারা, বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা এক-এগারো নিয়ে কটাক্ষ করছেন এবং এটাও বলছেন, এক-এগারোর বেনিফিসিয়ারি আওয়ামী লীগ। আমরা অবশ্যই বলছি, এক-এগারোর বেনিফিসিয়ারি আওয়ামী লীগ। এসব কথা বলেছেন, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
রোববার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত এক বর্ধিত সভায় হানিফ বলেন, ‘এক-এগারোর জন্য একমাত্র দায়ী বিএনপি। বিএনপির অগণতান্ত্রিক মনোভাব এবং ক্ষমতা লোভের চিন্তা থেকে এ ঘটনার উৎপত্তি হয়েছে। বিএনপি যদি তখন গণতান্ত্রিক পন্থায়, সংবিধান অনুযায়ী নিয়মতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তর করতো, তারা যদি ২০০৬ সালে তাদের মেয়াদ শেষ হওয়ার পর নির্বাচন দিতো। তাহলে এ দেশের মানুষকে এ ভোগান্তিতে পড়তে হতো না।’
তিনি বলেন, ‘কিন্তু বিএনপি কখনও গণতন্ত্রে বিশ্বাস করে না। নিয়মতান্ত্রিক ক্ষমতা হস্তান্তরে বিশ্বাসী ছিলো না। বিএনপি যখনই ক্ষমতায় গেছে, অশুভ শক্তির সমর্থন নিয়ে ক্ষমতা আকড়ে রাখার চেষ্টা করেছে। ২০০৬ সালে অশুভ শক্তির মাধ্যমে ক্ষমতা আকড়ে থাকার চেষ্টা করেছিলো বলেই, এ দেশের জনগণ সরকার বিরোধী আন্দোলন করেছিলো। সে সুযোগ নিয়ে এক-এগারোর মতো ঘটনা ঘটেছিল। কাজেই এক-এগারোর জন্য কেউ যদি দায়ী থেকে থাকে, সেটা একমাত্র বিএনপি এবং বেগম খালেদা জিয়া। তাদের কারণে এক-এগারো সৃষ্টি হয়েছিলো।’
আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘সেই সময়ে (এক-এগারো) মিথ্যা-কল্পকাহিনী ছাপিয়ে জননেত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করার প্রেক্ষাপট যারা তৈরি করেছিল, সেই সমস্ত কুশীলবদের বিচার হওয়া উচিত।’
আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই এক-এগারোর ঘটনার জন্য তদন্ত কমিশন গঠন করে, তদন্তের মাধ্যমে এক-এগারোর কুশীলবদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার জন্য আইনের আওতায় আনা হোক। যেন ভবিষ্যতে কখনো কোনো অশুভ শক্তি এ ধরনের অশুভ পন্থায় রাষ্ট্র-ক্ষমতা দখলের সুযোগ না পায়।’
ঢাকা মহানগর আওয়ামী লীগ নেতা কামাল আহমেদ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় আরও উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, জাহাঙ্গীর কবির নানক, নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, কেন্দ্রীয় সদস্য এসএম কামাল হোসেন প্রমুখ।


