একাত্তরের মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা মীর কাসেম আলীর ফাঁসির রায়ের বিষয়ে আদালতের ওপর সরকারের চাপ ছিল না বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
আদালতে বিচারাধীন কোনো বিষয় নিয়ে বক্তব্য না দিতে সবার প্রতি অনুরোধ জানিয়ে মন্ত্রী বলেন, ‘সবার কাছে বিনীত অনুরোধ থাকবে, সুপ্রিম কোর্ট একটি প্রতিষ্ঠান। এখানকার বিচারপতিগণ সেই প্রতিষ্ঠানের অংশ। যখন আদালতের কোনো বিষয় তাদের নিয়ন্ত্রণে থাকে, সেসব বিচারাধীন বিষয় নিয়ে বক্তব্য দেয়া ঠিক নয়।’
আনিসুল হক বলেন, ‘এ ধরনের বক্তব্যে এই প্রতিষ্ঠানের সম্মান ক্ষুণ্ন হয়। দেশেরও সম্মান ক্ষুণ্ন হয়।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দেশের বিচার বিভাগের স্বাধীনতা বর্তমান সরকারের আমলে দৃঢ় হয়েছে। বিচার বিভাগে তারা কোনো হস্তক্ষেপ করে না বা চাপ দেয় না।’
ফাঁসির রায় বহাল থাকায় সন্তোষ প্রকাশ করে মন্ত্রী বলেন, ‘আগে যেসব রায় দেয়া হয়েছিল, তাতে আমরা সন্তোষ প্রকাশ করেছি। বরাবরের মতো এবারও আমরা সন্তুষ্ট। সরকার যুদ্ধাপরাধের বিচারে দৃঢ়প্রতিজ্ঞ। আমরা এই বিচার করে যাচ্ছি এবং কাঙ্ক্ষিত ফল পাচ্ছি।’
রায় কার্যকরের প্রক্রিয়া বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আইন অনুযায়ী আসামিপক্ষ এই রায়ের বিরুদ্ধে রিভিউ করার জন্য ১৫ দিন সময় পাবেন। এটা আসামির অধিকার। রিভিউ (পুনর্বিবেচনা) আবেদন করলে সেটার বিপক্ষে আইনিভাবে লড়বে রাষ্ট্রপক্ষ। আর তা না করা হলে নিয়ম অনুযায়ী রায় কার্যকরের পদক্ষেপ নেবে সরকার।
তবে দুই মন্ত্রীকে আদালতে তলবে ও রুল জারির বিষয়ে আইনমন্ত্রী কোনো মন্তব্য করতে রাজি হননি।
তিনি বলেন, ‘বিচারাধীন বিষয় নিয়ে তিনি আগেও কখনও মন্তব্য করেননি, এখনও করবেন না।’


