বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

বোন হত্যা: ভাইসহ ৫ জনের ফাঁসি

justice-tmরংপুরের পীরগঞ্জে আনজিলা বেগম হত্যার ঘটনায় তার ভাইসহ পাঁচজনের ফাঁসির দণ্ডাদেশ দিয়েছে আদালত। বুধবার রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবু জাফর মো. কামরুজ্জামান এই আদেশ দেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন-আনজিলার ছোট ভাই আব্দুল মজিদ (২৮), মমিনুল হক (৩১), আরিফুল ইসলাম (২৮), এমদাদুল হক (৩২) ও আনোয়ারুল হক (৩০)।

মামলার নথি থেকে জানা যায়, ২০০৬ সালের শুরুর দিকে আব্দুল মজিদের আপন ভাতিজি নাসিমা বেগমের স্বামী গোলাপ মিয়া খুন হন। ঐ হত্যা মামলার আসামি হলেন মমিনুল হক, আরিফুল ইসলাম, এমদাদুল হক ও আনোয়ারুল হক। এই মামলার বাদী ছিলেন নিহত গোলাপ মিয়ার বাবা বাচ্চা মিয়া।

ঐ মামলার বাদীপক্ষকে ফাঁসানোর জন্য আব্দুল মজিদের বোন আনজিলাকে হত্যার ষড়যন্ত্র করে চার আসামি। এজন্য আসামিরা মজিদকে দুই লাখ টাকা দেয়ার প্রতিশ্রুতি দেয়। মজিদও এতে রাজি হয়।

২০০৬ সালের ৯ মার্চ রাতে আনজিলাকে বাড়ি থেকে ডেকে নিয়ে পাঁচ মিলে গলা কেটে হত্যা করে। এ ঘটনায় আনজিলার বড়ভাই আব্দুল বাকি ১০ মার্চ বাদী হয়ে পাঁচজনকে আসামি করে সকালে পীরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

আরও পড়ুন