ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণবিধি লংঘনের দায়ে বরগুনা-২ আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য শওকত হাচানুর রহমানের (রিমন) বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত দিয়েছে বলে জানিয়েছেন ইসি সচিব মো. সিরাজুল ইসলাম।
কমিশনের অতিরিক্ত সচিব মো. মোখলেসুর রহমান সন্ধ্যা ৭টায় যুগান্তরকে জানান, রাতেই বরগুনার পুলিশ সুপারকে আইনানুগ ব্যবস্থা নিতে চিঠি পাঠানো হয়েছে।
ইসির কর্মকর্তারা জানান, আচরণবিধি লংঘনের ঘটনায় এই প্রথম কোনো সংসদ সদস্যের বিরুদ্ধে মামলার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। এর আগে বিভিন্ন নির্বাচনে আচরণবিধি লংঘনের অভিযোগ পেলেও কারণ দর্শানোর নোটিশ ও প্রধানমন্ত্রীর কাছে নালিশ জানিয়েই ক্ষ্যান্ত ছিল কমিশন।
ইসি সূত্রে জানা গেছে, বরগুনার বেতাগীতে একটি বিদ্যুৎ প্রকল্প উদ্ভোধন করেন এমপি রিমন। সেখানে ইউপি নির্বাচনে দলীয় চেয়ারম্যান প্রার্থীদের পরিচয় করিয়ে দেন তিনি, যা নির্বাচনী আইন পরিপন্থী।
ইসি সংশ্লিষ্টরা বলছেন, নির্বাচনী এলাকায় প্রকল্প উদ্ভোধন ও প্রচারণায় এমপিদের অংশগ্রহণ- দুদিক থেকেই আচরণবিধি ভেঙেছেন রিমন।
এর আগে পৌরসভা নির্বাচনে আচরণবিধি লংঘনের অভিযোগে এমপি রিমনকে শো’কজ করেছিল ইসি। ওই সময় লিখিত জবাবের মাধ্যমে তিনি দুঃখ প্রকাশ করেন এবং নির্বাচনে কমিশনে সশরীরে গিয়ে ভবিষ্যতে এর পুনরাবৃত্তি ঘটবে না বলে অঙ্গীকার করেন।


