বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ৮০০ কোটি টাকা চুরির ঘটনায় পদত্যাগ করতে প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন গভর্নর ড. আতিউর রহমান। একইসঙ্গে পদত্যাগের জন্য প্রধানমন্ত্রীর অনুমতির অপেক্ষায় রয়েছেন বলে জানান তিনি। আজ বেসরকারি একটি টিভি চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন। গতকাল বিকালে দিল্লি সফর শেষে দেশে ফিরেন গভর্নর।
সাক্ষাৎকারে গভর্নর বলেন, অর্থমন্ত্রী বলেছেন, আমি চলি গেলেই দেশের জন্য মঙ্গল। তবে আমি পদত্যাগের জন্য প্রস্তুত আছি। এখন প্রধানমন্ত্রীর অনুমতির অপেক্ষায় আছি। গভর্নর বলেন, অর্থমন্ত্রীকে বিষয়টি জানাইনি, কারণ আমি চেষ্টা করছিলাম- টাকাটা ফেরত আনার জন্য। অর্থমন্ত্রীকে জানালে যে টাকাটা ফেরত এসেছে সেটাও ফেরত পেতাম না। একপর্যায়ে আবেগতাড়িত হয়ে পড়েন আতিউর রহমান।
কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, যা কিছু করেছি সবই দেশের স্বার্থে করেছি। ২৮ মিলিয়ন ডলার আমার সন্তানের মতো। প্রতিটি ডলারই তিল তিল করে সঞ্চয় করেছি। একটি ডলারও যাতে নষ্ট না হয় সে চেষ্টা করেছি। কিন্তু এটি ছিল একটা সাইবার অ্যাটাক। কোথা থেকে হ্যাক হয়েছে সে বিষয়ে আমরা কিছুই জানি না।
তিনি বলেন, এই ঘটনা জানার আমরা কিছুটা গোপনীয়তা অবলম্বন করেছি। আমাদের ইন্টিলিজেন্সকে সঙ্গে নিয়ে কাজ করেছি। র্যাবকেও নিয়ে তদন্ত করেছি। তাদের বলেছিÑ আমাদের ব্যাংকের যদি কেউ জড়িত থাকে তাহলে যে কোন সময় গ্রেপ্তার করতে পারেন। পরে অর্থমন্ত্রীকে চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছি। পুরো টাকাই পাওয়ার আশ্বাস দিয়ে গভর্নর বলেন, টাকা চুরির পর ফিলিপিনের গভর্নরের সঙ্গে কথা বলেছি। চুরি হওয়ার টাকার একটি অংশ ফেরত পেয়েছি।
আজ সকালে ফিলিপিন থেকে সংবাদ এসেছেÑ বাকি টাকাও ফেরত পাওয়া যাবে। ভারত সফরে যাওয়ার বিষয়ে গভর্নর বলেন, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে জানিয়েই আমি ভারত সফরে গিয়েছিলাম। এবং সেখানে চুরি যাওয়া অর্থ কিভাবে ফেরত পাওয়া যাবে তা নিয়ে আলোচনা করেছি।


