বুধবার ৪ নভেম্বর ২০২৬

বৃটিশ প্রধানমন্ত্রীর চিঠির জবাব দিলেন শেখ হাসিনা

5696_BDহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে বৃটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের চিঠির জবাব পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকালে শেখ হাসিনা চিঠিতে সই করার পরপরই তা লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে ক্যামেরনের দপ্তরে পাঠানো হয় বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

চিঠিতে প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় বৃটিশ সহযোগিতাকে স্বাগত জানিয়েছেন। পাশাপাশি ঢাকা থেকে বিমানে সরাসরি পণ্য পরিবহনে নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার অনুরোধ জানান। এদিকে শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তায় বৃটিশ সিকিউরিটি কোম্পানি নিয়োগ দেয়া হচ্ছে। বিদেশী সিকিউরিটি কোম্পানির সদস্যরা শাহজালালের বর্তমান নিরাপত্তা কর্মীদের সঙ্গে যৌথভাবে কাজ করবে। চারটি প্রতিষ্ঠানের নামও সুপারিশ করেছে যুক্তরাজ্য সরকার। এ লক্ষ্যে আগামী এক সপ্তাহের মধ্যে বৃটিশ সংস্থার সঙ্গে এ সংক্রান্ত চুক্তি হবে।  তারা ৩১শে মার্চের মধ্যেই ঢাকায় পৌঁছে কাজ শুরু করবেন।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিমানবন্দরের নিরাপত্তার ব্যবস্থাপনার দায়িত্ব  দেয়ার জন্য যুক্তরাজ্য  যে চারটি প্রতিষ্ঠানের নাম সুপারিশ করেছে,  সেগুলো হলো গ্রুপ ফোরএস, রেডলাইন, রেস্ট্রাটা ও ওয়েস্টমিনিস্টার গ্রুপ পিএলসি। এরই মধ্যে গ্রুপ ফোরএসের প্রতিনিধি সরকারকে জানিয়েছেন, বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থাপনার মতো বিশেষায়িত কাজে তাদের তেমন অভিজ্ঞতা নেই। পরে সরকারের তরফ  থেকে সিদ্ধান্ত নেয়া হয়েছে, বাকি তিনটি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে একটি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেয়া হবে।

আরও পড়ুন