বাংলাদেশ ও ভারতের মধ্যে সমুদ্রপথে নৌ পরিবহন শুরু হয়েছে বৃহস্পতিবার। গত বছর জুনে বাংলাদেশ সফরে আসা ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পাদিত উপকূলীয় অঞ্চলে দিয়ে জাহাজ চলাচল চুক্তির আওতায় বৃহস্পতিবার চট্টগ্রাম থেকে দেশটির কৃষ্ণপত্তম যাচ্ছে বাংলাদেশের একটি জাহাজ।
এদিকে, টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সহ সভাপতি ফজলুল হক জানান, জাহাজ চলাচলের ব্যাপারে বেশি উপকৃত হবে পোশাক ও বস্ত্র খাত। তিনি বলেন, ‘কটন আমদানির ক্ষেত্রে তাদের অর্থ ও সময়ের অনেক সাশ্রয় হবে কারণ আগের মতো সিঙ্গাপুর, মালয়েশিয়া বা শ্রীলংকা হয়ে পণ্য আমদানি করতে হবে না।’
চুক্তি অনুযায়ী প্রাথমিকভাবে দু’দেশের সাতটি করে নৌ ও সমুদ্রবন্দরে জাহাজ চলাচল করবে। যদিও এর আগে এমভি রোদেলা নামে একটি জাহাজ চট্টগ্রাম থেকে কোলকাতা বন্দরে কনটেইনার পণ্য আনা নেয়া শুরু করলেও পরে খরচ পোষাতে না পেরে তারা এ পথ থেকে জাহাজটি প্রত্যাহার করে নেয়।
গত বছরের ১৬ নভেম্বর সমুদ্রপথে কম খরচে পণ্য পরিবহনে প্রমিথ (স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর-এসওপি) নীতিমালার চুক্তিতে সই করে বাংলাদেশ ও ভারত। ভারতের নয়াদিল্লীতে দেশটির পরিবহন মন্ত্রী নীতিন গাটকারী ও বাংলাদেশের নৌ-সচিব শফিকুল আলম মেহেদী নিজ নিজ দেশের পক্ষে চুক্তিতে সাক্ষর করেন।
এ চুক্তির ফলে ভারতের পূর্বাঞ্চলীয় উপকূলের বন্দরগুলো থেকে পণ্যবাহী জাহাজ সরাসরি বাংলাদেশের চট্টগ্রামবন্দরসহ অন্যান্য বন্দরগুলোতে পণ্য পরিবহন করতে পারবে। একইভাবে বাংলাদেশের পণ্যবাহী জাহাজও ভারতের বন্দরগুলোতে সরাসরি পণ্য নিয়ে যেতে পারবে।


