বেসরকারি সংস্থা ব্র্যাকের দুই কর্মকর্তা আফগানিস্তানে অপহরণ হয়েছে বলে খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার বিকালে অস্ত্রের মুখে জঙ্গিরা তাদের অপহরণ করেছে বলে ব্র্যাকের মানবসম্পদ বিভাগের কর্মকর্তা সাবেরা গুলরুখ জানিয়েছেন।
অপহৃত দুজন হলেন আফগানিস্তানে ব্র্যাকের প্রধান প্রকৌশলী হাজি শওকত (৫০) এবং প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম সুমন (৩৭)। হাজি শওকতের বাড়ি পাবনা শহরে ও সুমনের বাড়ি দুবলিয়া গ্রামে।
ব্র্যাকের মানবসম্পদ বিভাগের কর্মকর্তা সাবেরা গুলরুখ জানান, আফগানিস্তানের কুন্ডু এলাকা থেকে প্রাইভেটকারযোগে বাগলান শহরে যাওয়ার পথে ব্র্যাকের দুই কর্মকর্তাকে অস্ত্রের মুখে অপহরণ করে একটি জঙ্গিগোষ্ঠী। বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছে বলেও জানান তিনি।
অপহৃত সিরাজুলের চাচাতো ভাই আনসার ও ভিডিপি ব্যাংকের পরিচালক আবদুল খালেক খান বলেন, এই খবর শোনার পর তারা হতাশ হয়ে পড়েছেন। অপহৃতদের উদ্ধারে তারা সরকারের সহায়তা কামনা করেছেন।


