শুক্রবার ৬ নভেম্বর ২০২৬

দেশের নতুন উপজেলা হচ্ছে রংপুরের ভেন্ডাবাড়ী

Bhendabari-dদীর্ঘদিনের আন্দোলন, সংগ্রাম আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতিতে অবশেষে রংপুরের পীরগঞ্জ ও মিঠাপুকুর উপজেলাকে ভেঙে ভেন্ডাবাড়ী নামে একটি নতুন উপজেলা গঠনের কার্যক্রম শুরু হয়েছে।

এরই মধ্যে ভেন্ডাবাড়ী উপজেলা গঠনের প্রস্তাবনাটি পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মাজহারুল ইসলামের কাছে হস্তান্তর করেছেন ভেন্ডাবাড়ী উপজেলা গঠন সংক্রান্ত প্রস্তাব প্রেরণ কমিটির আহ্বায়ক ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাছুদার রহমান।

সূত্রমতে, আওয়ামী লীগ সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮ সালের ২৪ ডিসেম্বর পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় ভেন্ডাবাড়িকে নতুন উপজেলা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাসুদার রহমানকে আহ্বায়ক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুদ রানা সরকার ও পরিসংখ্যান কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফারুক হোসাইনকে সদস্য করে ভেন্ডাবাড়ি উপজেলা গঠনে প্রস্তাব প্রেরণ সংক্রান্ত ৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।

ওই কমিটি ভেন্ডাবাড়িকে নতুন উপজেলা গঠনের লক্ষ্যে সুষ্পষ্ট মতামতসহ প্রস্তাবনা পেশ করেন।

প্রস্তাবনায় জাতীয় সংসদের নির্বাচনী এলাকার ২৩, রংপুর-৫ মিঠাপুকুরের ১১নং বড়বালা, ১০নং বালুয়া মাসিমপুর, ১২নং মিলনপুর, ১৩নং গোপালপুর ও রংপুর-৬ পীরগঞ্জের ১নং চৈত্রকোল, ২নং ভেন্ডাবাড়ি, ৩নং বড়দরগা, ৪নং কুমেদপুর, ৬নং টুকুরিয়া ইউনিয়নসহ ৯টি ইউনিয়ন নিয়ে ভেন্ডাবাড়ি উপজেলা গঠিত হবে। নবগঠিত ভেন্ডাবাড়ী উপজেলার আয়তন হবে ২৩৫.১২ বর্গ কিলোমিটার। জনসংখ্যা ১ লাখ ৯৬ হাজার ২৮০ জন।

নতুন এ উপজেলা গঠনের প্রক্রিয়াকে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির উপহার হিসেবে দেখছেন পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহারুল হক বাবলু ও সম্পাদক তাজিমুল ইসলাম শামীম। তারা বলেন, রংপুরের পুত্রবধূ প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি বাস্তবায়নে ভেন্ডাবাড়ীকে নতুন উপজেলা গঠনের কার্যক্রম শুরু করা হলো। আশা করছি খুব দ্রুতই ভেন্ডাবাড়ী উপজেলার পূর্ণাঙ্গ বাস্তবায়ন হবে।

ভেন্ডাবাড়ি উপজেলা গঠন সংক্রান্ত প্রস্তাব প্রেরণ কমিটির আহ্বায়ক ডা. মাসুদার রহমান জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মাজহারুল ইসলামের সার্বিক তদারকি ও ভেন্ডাবাড়ি মহিলা কলেজের অধ্যক্ষ নুরন্নবী রাজু, ভেন্ডাবাড়ি ইউপি চেয়ারম্যান মঞ্জুর হোসেন মন্ডল, ভেন্ডাবাড়ি ইউপি আওয়ামী লীগের সভাপতি আব্দুল হালিম সরকার ও পীরগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সহযোগিতায় নির্ধারিত সময়ের মধ্যে ভেন্ডাবাড়ি নতুন উপজেলা গঠনে সুষ্পষ্ট মতামতসহ প্রস্তাবনা তৈরি করতে সক্ষম হয়েছি।

পীরগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার এসএম মাজহারুল ইসলাম জানান, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী পীরগঞ্জ উপজেলাকে ভেঙে ও মিঠাপুকুর উপজেলার কয়েকটি ইউনিয়ন নিয়ে ভেন্ডাবাড়ীকে নতুন উপজেলা গঠনের উদ্যোগ নেয়া হয়েছে।

রংপুরের জেলা প্রশাসক রাহাত আনোয়ার বলেন, পীরগঞ্জ উপজেলা অফিসারের মাধ্যমে ভেন্ডাবাড়ি উপজেলা গঠন প্রস্তাবটি পেয়েছি। বিষয়টি যাচাই করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

আরও পড়ুন