প্রথম ম্যাচে ব্যাটে বলে খেলে দলকে জিতিয়েছেন। আত্মপক্ষ সমর্থন করে বিবৃতি দিয়েছেন, দাবি করেছেন তাঁর কথা ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। কিন্তু এত কিছু করেও জাভেদ মিয়াঁদাদের ‘মন’ পেলেন না শহীদ আফ্রিদি। ভারতে এসে ওই বেফাঁস মন্তব্যের জন্য পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়কের ওপর রাগ এখনো কমেনি মিয়াঁদাদের।
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে কলকাতায় পা রাখার পর আফ্রিদি বলেছিলেন, ‘পাকিস্তানের চেয়ে ভারতেই বেশি ভালোবাসা পেয়েছেন।’ সেটা নিয়ে তো পরে তোলপাড়। মিয়াঁদাদ সরাসরিই বলে দিলেন, এ ধরনের মন্তব্য রীতিমতো লজ্জাজনক। ভারতে পাকিস্তান ক্রিকেট খেলতে গেছে, অন্য কিছু করতে নয়—সেটাও আফ্রিদিকে মনে করিয়ে দিয়েছিলেন।
শেষ পর্যন্ত আফ্রিদিকে বিবৃতি দিয়েই বলতে হয়েছে, তাঁর কথা বিকৃত করা হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্সে আফ্রিদি অবশ্য বিতর্কটা অনেকটাই ভুলিয়ে দিয়েছেন। তবে সমালোচনার ভয়েই হয়তো, বাংলাদেশের সঙ্গে ম্যাচের পর সংবাদ সম্মেলনেও আসেননি।
তবে আফ্রিদির দিকে তোপ এখন প্রায় থেমে গেলেও মিয়াঁদাদের রাগ এখনো পড়েনি। আফ্রিদি বলেছিলেন, ভারতকে ভালোবাসার কথা বলে ভারতের ক্রিকেটের প্রতি শ্রদ্ধা জানানোর কথা বলেছেন। কিন্তু মিয়াঁদাদ মনে করিয়ে দিয়েছেন, ‘ভারতের খেলোয়াড়দের আমরাও সম্মান করি। ওরা যখন এখানে আসে, আমরা তাদের স্বাগত জানাই, ভালোবেসে বরণ করে নিই। কিন্তু আফ্রিদির মন্তব্য আমার কাছে আপত্তিকর মনে হয়েছে, কারণ সে পাকিস্তানের চেয়েও ভারতে ভালোবাসা পাওয়ার কথা বলেছে।’
ভারতের এনডিটিভিতে মিয়াঁদাদ আফ্রিদির উদ্দেশে একটা প্রশ্নও করেছেন, ‘আমি জানতে চাই, দুই দিনে ও ভারতে এমন কী পেল যেটা পাকিস্তানে পায়নি? আমাদের দেশ আমাদের মা, সেটাই আমাদের আসল পরিচয়। ওর মন্তব্যের ঠিক এই জায়গা নিয়েই আমার আপত্তি।’


