বুধবার ৪ নভেম্বর ২০২৬

স্কুলের তালা ভেঙে বঙ্গবন্ধুর জন্মদিন পালন করলেন ছাত্রলীগ নেতা

student league-চট্টগ্রামে শ্যামলি আইডিয়াল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ফটকের তালা ভেঙে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন করেছেন এক ছাত্রলীগ নেতা। কলেজ ছাত্রলীগের নামে আয়োজিত এই অনুষ্ঠানে কেক কাটেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। এসময় কলেজের দারোয়ান চাবি না দেয়ায় তার সাথে দুর্ব্যবহারের অভিযোগও পাওয়া গেছে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে নগরীর পাঁচলাইশ থানার মুরাদপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, চট্টগ্রামে দিনভর গভীর শ্রদ্ধায় স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করছে আওয়ামীলীগ সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন। জাতীয় শিশু দিবস উপলক্ষে কলেজ ছিলো বন্ধ। কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যায় কলেজ ছাত্রলীগের নামে কয়েকজন বহিরাগত শ্যামলি আইডিয়াল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে প্রবেশ করে বঙ্গবন্ধুর জন্মদিন পালনের চেষ্টা করে।

এসময় কলেজের দারোয়ান কলেজের মুল ফটকের চাবি দিতে না চাইলে ছাত্রলীগ কর্মীরা তার সাথে দুর্ব্যবহার করে। পরে হাতুরি দিয়ে তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে বঙ্গবন্ধুর জন্মদিন পালন ও কেক কাটা হয়। অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।

এদিকে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন ও কেক কাটার কথা স্বীকার করলেও তালা ভেঙে কলেজে প্রবেশের বিষয়টি জানা নেই বলে দাবি করেছেন ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন। বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে শ্যামলি আইডিয়াল কলেজ ছাত্রলীগের অনুষ্ঠানে গিয়েছিলাম। তবে তালা ভাঙচুরের ঘটনা সম্পর্কে কিছু জানা নেই।’

এই নেতার দাবি, কলেজ ছাত্রলীগ নেতাদের দাওয়াত পেয়ে তিনি অনুষ্ঠানে যান এবং অনুষ্ঠানটি রাতে নয় বরং বিকেল সাড়ে চারটার দিকে হয়েছে।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র নিশ্চিত করেছে, সন্ধ্যার পরে ৭টার দিকে কলেজের তালা ভেঙে জন্মদিন উদযাপন ও কেক কাটার অনুষ্ঠানটি হয়েছে।

পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) গিয়াস বলেন, ‘কলেজের তালা ভেঙে বঙ্গবন্ধুর জন্মদিন পালনের সংবাদটি আমাদের কাছেও এসেছে। কলেজ কর্তৃপক্ষ চাইলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।’

এদিকে এ বিষয়ে জানতে শ্যামলি আইডিয়াল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আশুতোষ চক্রবর্তির সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলে তার মোবাইলটি বন্ধ পাওয়া যায়।

আরও পড়ুন