বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

স্বর্ণকন্যা মাহফুজার বিয়ে আজ

102798_133গৌহাটির সুইমিংপুলে ঝড় তুলে জীবন নদীতে তরী ভেড়াচ্ছেন স্বর্ণকন্যা মাহফুজা খাতুন শিলা। আজ দেশের আরেক স্বর্ণজয়ী সাঁতারুর সঙ্গে জড়িয়ে পড়ছেন তিনি। যশোরের অভয়নগরে নওয়াপাড়া গ্রামে জীবনের আরেক অধ্যায়ের সূচনা হচ্ছে শিলার। ২০০৬ কলম্বো এসএ গেমসে স্বর্ণজয়ী সাঁতারু শাহজাহান আলী রনির সঙ্গে আজ শিলার বিয়ে। সেনাবাহিনীর সাঁতারু চাঁপাইনবাবগঞ্জের রেহাইচর গ্রামের রনিকে পছন্দ করেই বিয়ে করছেন শিলা।

চার ভাই-বোনের মধ্যে চতুর্থ শিলা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় মাস্টার্স করেছেন। চাকরি করছেন বাংলাদেশ নৌবাহিনীতে। দেশ-বিদেশে বিভিন্ন সাঁতার প্রতিযোগিতায় স্বর্ণ, রুপা ও ব্রোঞ্জসহ ৫২টি পদকজয়ী শিলা বর হিসেবে ভালোবেসেই বেছে নিয়েছেন রনিকে।

বৃহস্পতিবার পাঁচকবর এলাকায় বাবার বাড়িতে গাঁয়ে হলুদ অনুষ্ঠান হল। আত্মীয়স্বজনের বাইরে ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবী ও সতীর্থ সাঁতারুদের উপস্থিতিতে মুখরিত ছিল গোটা আয়োজন।

হলুদের পিঁড়িতে বসে যুগান্তরের এই প্রতিবেদককে মুঠোফোনে শিলা বলেন, ‘আমার জীবনের নতুন অধ্যায় শুরু হচ্ছে। দেশবাসীর কাছে আমি দোয়া চাই, স্বামী-সংসার নিয়ে যেন সুখী হতে পারি।’

শিলার বিয়েতে এলাকার গণ্যমান্য ব্যক্তি ছাড়াও সাঁতার অঙ্গনের অনেককেই দাওয়াত দেয়া হয়েছে। শুভেচ্ছা পাঠানো হচ্ছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) থেকে। এসএ গেমসে বাংলাদেশের চারটি স্বর্ণের মধ্যে দুটিই শিলার।

আরও পড়ুন