রবিবার ৮ নভেম্বর ২০২৬

৩৬ সংগঠন নিয়ে ‘বাঙালি সাংস্কৃতিক জোট’র আত্মপ্রকাশ

36 jotবঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত ৩৬টি সাংস্কৃতিক সংগঠন নিয়ে গঠন করা হয়েছে ‘বাঙালি সাংস্কৃতিক জোট’ নামে একটি সাংস্কৃতিক সংগঠন। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে সংগঠনের আহ্বায়ক সাইফুল আযম বাশার জোটের নাম ঘোষণা করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘প্রতিক্রিয়াশীল, মৌলবাদী, জঙ্গিবাদী গোষ্ঠী আমাদের সংস্কৃতির জন্য বড় হুমকি। তাই সাংস্কৃতিক সংগঠনগুলো ঐক্যবদ্ধ হয়ে একটি বৃহত্তর সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলা আজ সময়ের দাবি।’

সংবাদ সম্মেলনে জানানো হয়, সংগঠনের কার্যক্রমকে গতিশীল করার জন্য আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। পরবর্তীতে কোনো সংগঠন যদি এ জোটের অন্তর্ভুক্ত হতে চায় তবে তাদের যুক্ত করা হবে।

বাঙালি সাংস্কৃতিক জোটের উদ্যোগে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস, গণঅভ্যুত্থান দিবস, মাতৃভাষা দিবস, জাতির জনকের জন্মদিবস, মহান মে দিবস, রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী, শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসসহ বিভিন্ন জাতীয় দিবস পালন করা হবে বলে জানান জোটের আহ্বায়ক।

এ সময় উপস্থিত ছিলেন চিত্রনায়ক ফারুক, নাট্যব্যক্তিত্ব ড. ইনামুল হক, ফাল্গুনী হামিদ, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী আবদুল জব্বার, মনোরঞ্জন ঘোষাল, শিবু রায়, কবি রবীন্দ্র গোপ, সংঠনের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সঞ্জীব দাশ অপু, আওলাদ হোসেন রুহুল, সদস্য সচিব আবদুল মতিন ভূঁইয়া প্রমুখ।

আরও পড়ুন