বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির তদন্তের মধ্যে আলোচনায় উঠে আসা তানভীর হাসান জোহার খোঁজ এখনও মেলেনি। তার চাচা বাংলাদেশ টেলিভিশনের সাবেক উপ মহাপরিচালক মাহবুবুল আলম শুক্রবার সন্ধ্যায় জানান, তারা এখনও তানভীরের কোনো খোঁজ পাননি।
সরকারের আইসিটি বিভাগের সাইবার সিকিউরিটি ফোকাল পয়েন্টের কর্মকর্তা পরিচয়ে সম্প্রতি রিজার্ভ চুরির তদন্তের নানা বিষয়ে তানভীর গণমাধ্যমে কথা বলছিলেন।
এরপর আইসিটি বিভাগ থেকে জানানো হয়, তার সঙ্গে বিভাগের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। তখন তানভীর বলেছিলেন, তিনি আগে এই বিভাগের কাজে যুক্ত ছিলেন।
বুধবার মধ্যরাত থেকে তানভীরের কোনো খোঁজ পাচ্ছেন না পরিবারের সদস্যরা। তবে এ ঘটনায় শুক্রবার পর্যন্ত থানায় কোনো অভিযোগ করা হয়নি।
এ বিষয়ে চাচা মাহবুবুল আলম বলেন, “আমরা খোঁজ খবর নিয়ে জেনেছি অপহরণের ঘটনাটি ভাষানটেক থানা এলাকায় ঘটেছে। শনিবার ওই থানায় গিয়ে অভিযোগ করা হবে।”
এর আগে বৃহস্পতিবার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, নিখোঁজ হওয়ার পর কলাবাগান, কাফরুল, ক্যান্টনমেন্ট থানায় গিয়েও তারা কোনো প্রতিকার পাননি।
মাহবুবুল আলম জানান, তানভীর ‘অপহরণ’ হওয়ার পর বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর এলেও আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেনি।
তানভীরের স্ত্রী ডা. কামরুন নাহার বৃহস্পতিবার জানিয়েছিলেন, বুধবার রাত সাড়ে ১১টার দিকে তার সঙ্গে তানভীরের শেষ কথা হয়েছে। তখন তিনি বলেছিলেন, বাসার পথে রয়েছেন। তবে রাত ১২টার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।
ইয়ামিন নামে তানভীরের এক বন্ধু জানিয়েছেন, তাকেসহ তানভীরকে অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিরা তুলে নিয়েছিল। পরে তাকে ছেড়ে দিলেও তানভীরকে নিয়ে চলে যায়।


