সাভারের আশুলিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংষর্ঘে দুই জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও কমপক্ষে আট জন। তাদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
শনিবার দুপুরে আশুলিয়ার আব্দুল্লাপুর-বাইপাইল সড়কের মরাগাং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জাকির হোসেন ও রেজাউল। তাদের বাড়ি মানিকগঞ্জ জেলার বিভিন্ন এলাকায়।
পুলিশ জানায়, উত্তরা থেকে ছেড়ে আসা একটি পিকআপ ভ্যান আব্দুল্লাপুর-বাইপাইল সড়কের মরাগাং এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা খেয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জাকির ও রেজাউল মারা যান। এ ঘটনায় আহত হন অন্তত আট জন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। লাশ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির জানান, বেপারোয়া গতিতে গাড়ি চালানোর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।


