বুধবার ৪ নভেম্বর ২০২৬

বিএনপির কাউন্সিল ঘিরে রাজধানীতে কড়া নিরাপত্তা

1458361522

বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিল ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশেষ করে কাউন্সিলস্থল ও আশপাশের এলাকায় নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।

রাজধানীতে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে পুলিশ।

শনিবার বিএনপির কাউন্সিল অনুষ্ঠানের জন্য ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের পাশাপাশি সোহরাওয়ার্দী উদ্যানের একাংশ ব্যবহারেরও অনুমতি পেয়েছে দলটি।

এর আগে শুক্রবার থেকেই প্রতিটি মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান দেখা গেছে।

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের পাশাপাশি সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশের এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। কাউন্সিলস্থল ও আশপাশের এলাকায় পুলিশ, গোয়েন্দা, সাদা পোশাকেও পুলিশ দায়িত্ব পালন করছে।

শাহবাগ, কাকরাইল, বিজয়নগর, রমনা, মৎস্য ভবন ও হাইকোর্ট এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাস্তার প্রতিটি মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান দেখা গেছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) এসএম জাহাঙ্গীর আলম সরকার জানান, কাউন্সিলকে কেন্দ্র করে বিশৃঙ্খলা যাতে না ঘটে এবং কেউ যেন কোনো নাশকতা করতে না পারে, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বিএনপিকে এ অনুমতি দেয় বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
গত জানুয়ারি মাসের শেষদিকে কাউন্সিলের ভেন্যু হিসেবে তিনটি স্থানের (বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, সোহরাওয়ার্দী উদ্যান ও ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন) অনুমতি চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করে বিএনপি। পরবর্তীতে গণপূর্ত অধিদফতর ডিএমপির অনুমতিসাপেক্ষে দলটিকে কাউন্সিলের জন্য সোহরাওয়ার্দী উদ্যান ব্যবহারের অনুমতি দেয়। এরপর কাউন্সিলের জন্য ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন কর্তৃপক্ষ তাদের লিখিতভাবে অনুমতি দেয়।

আরও পড়ুন