বুধবার ৪ নভেম্বর ২০২৬

ঝুঁকিপূর্ণ বলে কোনো কেন্দ্র নেই: আইজিপি

igp+jugantor_7435পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক বলেছেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমাদের কাছে ঝুঁকিপূর্ণ বলে কোনো কেন্দ্র নেই। সব কেন্দ্রকেই আমরা সমান গুরুত্ব দিয়ে নিরাপত্তার ব্যবস্থা করব।

রোববার সকাল ১১টায় পুলিশ সদর দফতরে ইউপি নির্বাচন নিয়ে আইনশৃংখলা বাহিনীর প্রস্তুতি বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আগামী মঙ্গলবার প্রথম ধাপে ৩৬টি জেলার ৭৩২ ইউনিয়নে ভোট হবে। ভোট উপলক্ষে আজ থেকে নির্বাচনী এলাকায় আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হবে।

আইজিপি জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে সারা দেশে ২০৮টি সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত ৭ জন নিহত ও ৫৮০ জন আহত হয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি ১০২টি সহিংসতা হয়েছে বরিশালে।

তিনি আরও জানান, এসব ঘটনায় ১৪৩টি মামলা ও ৫৫টি জিডি হয়েছে। মোট ৯৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে গ্রেফতাররা সবাই প্রার্থীর সমর্থক। কোনো প্রার্থীকে গ্রেফতার করা হয়নি।

শহীদুল হক বলেন, এবারের নির্বাচনে র‌্যাব, পুলিশ ও বিজিবির পাশাপাশি মোবাইল টিম এবং স্ট্রাইকিং ফোর্স মিলে আইনশৃংখলা বাহিনীর ১ লাখ ৮০ হাজার সদস্য দায়িত্ব পালন করবেন।

তিনি জানান, প্রতিটা ভোটকেন্দ্রের নিরাপত্তায় ২০ জন করে পুলিশ ও আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া মোবাইল ও স্ট্রাইকিং ফোর্সের দায়িত্বে থাকবে পুলিশ, এপিবিএন, ব্যাটালিয়ন আনসার, র‌্যাব, বিজিবি ও কোর্স্টগার্ড।

ভোট কেন্দ্রের নিরাপত্তায় মোবাইল টিম, স্ট্রাইকিং রিভার্জ টিম ছাড়াও মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলে জানান আইজিপি।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, চাঁদাবাজ, মাস্তান, অবৈধ অস্ত্রধারীসহ নির্বাচনে বিঘ্ন সৃষ্টিকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। এটি আরও জোরদার করা হবে।

নির্বাচনে কোনো ধরনের বিশৃংখলা সহ্য করা হবে না। অপরাধী যে দলের হোক, ছাড় দেয়া হবে না বলেও জানান আইজিপি একেএম শহীদুল হক।

আরও পড়ুন