বিএনপির ষষ্ঠ কাউন্সিলে দাওয়াত পাননি বলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্য সত্য নয় বলে দাবি করেছে বিএনপি।
রোববার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ দাবি করেন।
তিনি বলেন, ‘বিএনপির তিন সদস্যের একটি প্রতিনিধি দল ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে গিয়ে দলের সভানেত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের আমন্ত্রণপত্র পৌঁছে দেয়। এ সময় সেখানে বিভিন্ন গণমাধ্যমের কর্মীরাও ছিলেন।’
রিজভী বলেন, ‘এরপরও দাওয়াত পাননি বলে সৈয়দ আশরাফ যে কথা বলেছেন, তা সত্য নয়। তার মতো একজন স্বনামধন্য ও পরিচিত রাজনীতিকের মুখে এ ধরনের অসত্য কথা মানায় না।’
তিনি বলেন, ‘অনেক বাধা-বিপত্তি সত্ত্বেও শনিবার লাখ লাখ নেতাকর্মী বিএনপির কাউন্সিলে উপস্থিত হয়েছিল। কাউন্সিল সফলভাবে শেষ হওয়ায় সবাইকে দলের চেয়ারপারসনের পক্ষ থেকে ধন্যবাদ।’
এর আগে গতকাল শনিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক সেমিনার শেষে সৈয়দ আশরাফ সাংবাদিকদের বলেন, ‘বিএনপির কাউন্সিলের দাওয়াত পাইনি। এখনো দাওয়াত পাইনি। এজন্য যাওয়া হয়নি।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এজেডএম জাহিদ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম, সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন, তাইয়েফুল ইসলাম টিপু প্রমুখ।


