বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

বিশ্বকাপের মূল পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। বেঙ্গালুরু চেন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রন জানান অসি অধিনায়ক স্টিভেন স্মিথ।

ম্যাচে তামিমকে ছাড়াই মাঠে নামছে টাইগাররা। অসুস্থতার কারণে মাঠে নামছেন না তিনি। তবে মাঠে নামছেন মুস্তাফিজুর রহমান। টুর্নামেন্টে টিকে থাকতে হলে এই ম্যাচে জয়ের কোনও বিকল্প নেই টাইগার এবং অসিদের। যে দলই হারবে তারাই সেমির দৌড় থেকে অনেকটাই ছিটকে পড়বে।

ফলে এ ম্যাচে জিততে মরিয়া। এই ম্যাচের আগে আইসিসি দুই বাংলাদেশি বোলারকে অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগে নিষিদ্ধ করেছে। যে কারণে বাংলাদেশ এখন আহত বাঘের মতো বেদনায় ক্ষত-বিক্ষত। সুযোগ বুঝে তাই থাবার অপেক্ষায়। অন্যদিকে এটা তাদের বিশ্বকাপে বাঁচা-মরার লড়াইও।

এছাড়া জবাব দেওয়ার আছে অস্ট্রেলিয়াকেও। ২০১৫ সালে স্রেফ নিরাপত্তার অজুহাত দেখিয়ে বাংলাদেশে সিরিজ খেলতে আসেনি টিম অস্ট্রেলিয়া। এরপর বাংলাদেশে অনুষ্ঠিত যুব বিশ্বকাপও বয়কট করে তারা। এতে বাংলাদেশের ক্রিকেটীয় ভাবমূর্তি অনেকটা সংকটে পড়ে। তাই চাইলে অজিদের হারিয়ে সে সমীকরণের জবাবও দিতে চাইবেন টাইগাররা।

তার ওপর আবার এই ম্যাচটি মাশরাফির জন্য ৫০তম নেতৃত্বের। মাঠে নামলেই গড়বেন পঞ্চম বাংলাদেশি ক্যাপ্টেনসির হাফ সেঞ্চুরি। তার আগে টাইগারদের নেতৃত্ব দেওয়া ক্রিকেটারদের মধ্যে ওপরে রয়েছেন হাবিবুল বাশার (৮৭ ম্যাচ), মুশফিকুর রহিম (৮৪ ম্যাচ), মোহাম্মদ আশরাফুল (৬২ ম্যাচ) ও সাকিব আল হাসান (৬২ ম্যাচ)।

বাংলাদেশের একাদশ:  মোহাম্মদ মিথুন, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, শুভাগত হোম, মাশরাফি মুর্তজা, আল-আমিন হোসেন, মুস্তাফিজুর রহমান এবং সাকলাইন সজিব।

অস্ট্রেলিয়া একাদশ: শেন ওয়াটসন, উসমান খাজা, স্টিভেন স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল মার্শ, জেমস ফকনার, পিটার নেভিল (উইকেটরক্ষক), নাথান কোল্টার-নিল, অ্যাডাম জাম্পা এবং জশ হ্যাজলউড।

আরও পড়ুন