তাসকিনকে নিষিদ্ধ করা নিয়ে সারাবিশ্বেই বইছে সমালোচনার ঝড়। তাসকিন আহমেদ বোলিং অ্যাকশনের কারণে নিষিদ্ধ হওয়াটা বাংলাদেশের জন্য দুঃসংবাদ। এরই মাঝে সোমবার এক টুইটবার্তায় পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার বলেছেন, তাসকিনকে বিশ্ব ক্রিকেটের সম্পদ।
“তাসকিনের জন্য সত্যিই খুব খারাপ লাগছে। আশা করি ও দ্রুত আইসিসি থেকে ছাড়পত্র পেয়ে যাবে। কারণ ও ক্রিকেট-বিশ্বের জন্যই বড় সম্পদ।”
ধারাভাষ্যকার হিসেবে কাজ করতে শোয়েব এখন ভারতে। এর আগে ছিলেন এশিয়া কাপেও। সে সময় তাসকিনকে কাছে ডেকে নিয়ে নিজের মুগ্ধতার কথা বলেছিলেন। নিজের অভিজ্ঞতার ঝুলি থেকে বেশ কিছু টিপসও দিয়েছিলেন।
এর আগে বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট চলাকালীন দুই টাইগার বোলারকে নিষিদ্ধ করায় ক্ষোভ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ও ক্রিকেট বিশ্লেষক ইয়ান চ্যাপেল।
ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি এর পেছনে কোনও যুক্তি খুঁজে পাচ্ছি না। এ দুজন টুর্নামেন্টে ভালো করছিল। তাদের বিপক্ষে বিশ্বকাপের আগে বা পরে ব্যবস্থা নেওয়া যেত। টুর্নামেন্টের মধ্যপথ থেকে বাদ দেওয়া অত্যন্ত রূঢ় সিদ্ধান্ত। বাংলাদেশের জন্য আমার সমবেদনা থাকল। দুই গুরুত্বপূর্ণ বোলারকে হারানোর ক্ষত কাটিয়ে ওঠা তাদের জন্য খুবই কঠিন।’ ইয়ান চ্যাপেল বলেছিলেন তাসকিন ও সানির নিষেধাজ্ঞা অযৌক্তিক।


