
নাট্যকর্মী কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনুকে ধর্ষণ করে গলাকেটে হত্যার প্রতিবাদে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ক্যাম্পাসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের আয়োজনে মঙ্গলবার সকাল ১০টায় প্রায় ৫ হাজার শিক্ষার্থী-সংস্কৃতিকর্মী এই প্রতিবাদী বিক্ষোভ সমাবেশে অংশ নেয়। ভিক্টোরিয়া কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও সাধারণ মানুষ সমাবেশে অংশ নেয়।
এ সময় ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুর রশীদ বলেন, ‘তনু আমাদের মেয়ে। আমরা সবাই আমাদের মেয়ের হত্যার বিচার চাই। যে নির্মমভাবে তনুকে হত্যা করা হয়েছে। এর বিচার করতে হবে।’
ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের প্রধান উপদেষ্টা ও শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম পাটোয়ারি বলেন, ‘নৈতিক জায়গা থেকেই এই আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করছি। এই হত্যার প্রতিবাদ করতে হবে সবাইকে।’
ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের সাবেক সভাপতি আল আমিন বলেন, ‘কুমিল্লা থেকে তনু হত্যার প্রতিবাদ শুরু হয়েছে। এই প্রতিবাদ সারা দেশে ছড়িয়ে দিতে হবে। তনু কুমিল্লার মেধাবী সংস্কৃতিকর্মী। খুন হওয়ার দুই দিন আগে ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের বার্ষিক বনভোজনে শ্রীমঙ্গল গিয়েছিলাম আমরা। তাকে এমন নৃসংশভাবে খুন করা হয়েছে। এটা মানতে পারছি না।’
আল আমিন জানান, মঙ্গলবার বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে সংস্কৃতিকর্মী ও সাধারণ মানুষ জমায়েত হয়ে প্রতিবাদ সমাবেশ করবে। সেখানে সবাইকে আহ্বান জানাচ্ছি উপস্থিত থাকার জন্য।
সেনানিবাসের মতো সুরক্ষিত এলাকায় এমন নির্মম ঘটনায় ক্ষুব্ধ হয়ে উঠেছে সাধারণ মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তনু হত্যার বিচার চেয়ে অনেকেই স্ট্যাটাস দিয়ে জোর প্রতিবাদ জানিয়েছেন।


