অত্যন্ত নির্মমভাবে ধর্ষণের শিকার হওয়া নাট্যকর্মী ও কলেজছাত্রী তনুকে খুন করা হয়েছে। প্রতিভাবান এই নাট্যকর্মী আর্থিক অস্বচ্ছলতার কারণে করা একটি টিউশনি শেষে বাড়ি ফেরার পথে ধর্ষণের শিকার হন। ধর্ষকরা তাকে খুন করে লাশ ফেলে রাখে।
কুমিল্লা সেনানিবাসের ভেতরে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী সোহাগী জাহান তনুকে ধর্ষণের পর হত্যার নিন্দা ও প্রতিবাদ জানাতে রাজধানীর শাহবাগে বিক্ষোভের ডাক দিয়েছে নাট্যকর্মী, চলচ্চিত্রকর্মী, কবি-সাহিত্যিকসহ প্রগতিশীল তরুণেরা।
মঙ্গলবার (২২ মার্চ) বিকেল ৫টায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
তরুণ চলচ্চিত্র পরিচালক শ্যামল শিশির বলেছেন, ‘একটি সভ্য দেশে কখনওই ধর্ষণ মেনে নেয়া যায় না। কুমিল্লায় সোহাগী জাহান তনুকে বর্বরোচিতভাবে ধর্ষণ ও পরে গলাকেটে হত্যা করা হয়েছে। সে একজন থিয়েটার কর্মী। পত্রিকার পাতা খুললেই খুন-ধর্ষণ। আমরা এ থেকে নিষ্কৃতি চাই।’ অবিলম্বে ধর্ষক ও খুনিদের গ্রেপ্তারের দাবি জানান তিনি।
রোববার রাতে (২০ মার্চ) ময়নামতি সেনানিবাসের অলিপুর এলাকায় একটি কালভার্টের কাছ থেকে পুলিশ সোহাগী জাহান তনুর লাশ উদ্ধার করে।
নিহত সোহাগী জাহান তনু (১৯) কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী ও ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের (ভিসিটি) সদস্য ছিলেন। সোহাগী ময়নামতি সেনানিবাস এলাকার অলিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী ইয়ার হোসেনের মেয়ে।
পরিবারের বরাত দিয়ে ভিক্টোরিয়া কলেজছাত্র মাইনুল হক স্বপন জানান, আর্থিক অস্বচ্ছলতার কারণে সোহাগী অলিপুর গ্রামেই এক বাসায় টিউশনি করতেন। রোববার সন্ধ্যায় টিউশনি শেষে বাসায় ফেরার পথে তিনি নিখোঁজ হন। পরে তার লাশ পাওয়া যায়।
ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি আনোয়ার হোসেন আলম বলেন, ‘সকাল ৯টা থেকে ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী, সংস্কৃতিকর্মীরা কুমিল্লায় প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে। আমরা নাট্যকর্মী তনু হত্যার বিচার চাই। অবিলম্বে তনুকে যারা খুন করেছে তাদের বিচারের আওতায় আনতে হবে। সেনানিবাসের মতো সুরক্ষিত এলাকায় একটা মেয়েকে ধর্ষনের পর হত্যা করা হয়েছে। তাহলে আমাদের নিরাপত্তা কোথায়? আমরা এর বিচার চাই।’
পাভেল রহমান ফেসবুকে লিখেন, সেনানিবাসের মতো সুরক্ষিত এলাকায় নিরাপদ নয় আমাদের মেয়েরা। কুমিল্লা ময়নামতি সেনানিবাস এলাকায় ধর্ষনের পর হত্যা করা হয়েছে নাট্যকর্মী সোহাগী জাহান তনুকে। নিহত তনু কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের নাট্যকর্মী। এই হত্যার প্রতিবাদ যদি না হয় তবে মঞ্চে আলো জ্বেলে ন্যায়ের কথা বলা মিথ্যা। মানুষকে সভ্যতার স্বপ্ন দেখানো মিথ্যা।
তিনি আরও লিখেন, রাস্তায় আসুন, প্রতিবাদ করুন। এই ঘৃণিত হত্যাকাণ্ডের প্রতিবাদে জোটবদ্ধ হোন। কাল সকালে কুমিল্লায় প্রতিবাদ সমাবেশ হবে। সেই প্রতিবাদ যেন ছড়িয়ে পড়ে সারাদেশে। ধর্ষক-খুনিদের জানিয়ে দিতে চাই। বাংলাদেশ তাদের জন্য নয়।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ-আল-মামুন বলেছেন, ‘আমি ঘটনাস্থল গিয়েছি। সোহাগীর মরদেহ দেখে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, তাকে ধর্ষণ ও শারীরিকভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে।’
সোহাগী হত্যার ঘটনায় কুমিল্লা কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।


