লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলায় কেন্দ্র দখল নিয়ে বিভিন্ন চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীর সমর্থকদের বিক্ষিপ্ত সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।
এদিকে এ ঘটনায় দুইজনকে আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকাল পৌনে ৯টার দিকে কমলনগরের তোরাবগঞ্জ ইউনিয়নের উত্তর চর পাগলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মেম্বার প্রার্থী মন্তাজ উদ্দিন ও আব্দুল মতিনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের ছয়জন আহত হন।
পরে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ সময় ঘটনাস্থল থেকে মাজহারুল ইসলাম ও সবুজ নামের দুইজনকে আটক করেছে পুলিশ।
এছাড়া চর পোড়াগাছা ইউনিয়নের নোমানাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ও চশমা প্রতীকের সমর্থকদের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হন।
অন্যদিকে হাজিরহাট ইউনিয়নের চর জাঙ্গালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মেম্বার প্রার্থীদের সমর্থকদের মধ্যে ভোটকেন্দ্র দখলের চেষ্টাকে কেন্দ্র করে সংঘর্ষে তিনজন আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
এদিকে সকাল ৮টা থেকে ভোটারদের লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করতে দেখা গেছে। তবে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি বেশী দেখা গেছে।
প্রসঙ্গত, রামগতি ও কমলনগর উপজেলার ৬টি ইউনিয়নে ইউপি নির্বাচন চলছে। এতে ৩১ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সংরক্ষিত মহিলা মেম্বার প্রার্থী ৬৩ জন ও সাধারণ ১৯১ মেম্বার প্রার্থী লড়ছেন। ভোটার সংখ্যা ৯২৯৬৭ জন, এর মধ্যে পুরুষ ৪৬৬১৪ জন ও মহিলা ভোটার ৪৬৩৫৩ জন।


