বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

‘সিল মারার চেষ্টা, পুলিশের গুলিতে ২ আ’লীগ নেতা আহত

satkhira_ruhul_and_rubel_7608সাতক্ষীরার তালা উপজেলার কুমিরা ইউনিয়নে ভোট কেন্দ্রে ঢুকে ব্যালটে সিল মারার সময় গুলি চালালে আওয়ামী লীগের স্থানীয় দুজন নেতা আহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ। তাদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার ভোরে তালা উপজেলার কুমিরা ইউনিয়নের ভাগবহা ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে।

এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে ইউনিয়নের ভাগবহা, অভয়তলা ও দাদপুর কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, ভোরে কুমিরার রুহুল কুদ্দুস ও রুবেল শেখ নামের দুই যুবক কয়েক জনকে সঙ্গে নিয়ে ভাগবহা ভোট কেন্দ্রে ঢুকে প্রিসাইডিং অফিসারের কাছ থেকে ব্যালট কেড়ে নিয়ে সিল মারার চেষ্টা করে।

এতে বাধা দিলে তারা মারমুখি হয়ে ওঠে। পুলিশের সঙ্গেও তারা বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি ছুড়লে ওই দুজন আহত হন বলে জানান ওসি।

তিনি আরও জানান, তারা অভয়তলা ও দাদপুর দুটি কেন্দ্রেও একই অবস্থার সৃষ্টি করে ব্যালটে সিল মারে। পরে তিনটি কেন্দ্রেই ভোটগ্রহণ বন্ধ রাখা হয়েছে।

গুলিবিদ্ধ রুহুল ও রুবেলকে প্রথমে তাদের স্থানীয় লোকনাথ ক্লিনিকে ও পরে সাতক্ষীরা হাসপাতালে ভর্তি করা হয়। গুলিবিদ্ধ দুজন আওয়ামী লীগের স্থানীয় নেতা বলে জানিয়েছে পুলিশ।

এদিকে জেলার বিভিন্ন উপজেলার ভোটকেন্দ্র রাতের আঁধারে দখল করে আওয়ামী লীগ দলীয় প্রার্থীরা ব্যালট ছিনতাই করে সিল মেরেছে বলে অভিযোগ করেছেন প্রার্থীরা।

কলারোয়ার দেয়াড়ায় বিএনপি দলীয়প্রার্থী ইব্রাহীম হোসেনের বাড়িসহ  কয়েকটি বাড়িতে সন্ত্রাসীরা বোমা বিস্ফোরণ ঘটিয়ে আতংক সৃষ্টি করেছে বলে জানা গেছে।

আরও পড়ুন