বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

তনু হত্যা: কুমিল্লা ক্যান্টনমেন্টকে জবাবদিহি করতে হবে

tonu-murder--কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার প্রতিবাদে বিক্ষাভ ও প্রতিবাদ সমাবেশ করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে কুমিল্লা ক্যান্টনমেন্টকে জবাবদিহি করতে হবে বলে দাবি তুলেছেন সংস্কৃতিকর্মীরা।

জোটের সাবেক সভাপতি নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার বলেন, ‘যে যেভাবেই এই অপরাধ সংগঠিত করুক না কেন ক্যান্টনমেন্ট কোনোভাবেই এর দায় এড়াতে পারবে না। বর্তমানে দেশে আইনশৃঙ্খলা ব্যবস্থার অবনতি ও সামাজিক অবক্ষয় হয়েছে। যেভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবনতি হচ্ছে একইভাবে পাল্লা দিয়ে সমাজের অবক্ষয় হচ্ছে।’

রামেন্দু মজুমদারের মতো কুমিল্লা ক্যান্টনমেন্টের জবাবদিহিতার দাবি তোলেন মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিকব্যক্তিত্ব নাসিরউদ্দিন ইউসুফ। তিনি বলেন, ‘আমরা প্রত্যাশা করি কুমিল্লা ক্যান্টনমেন্ট তাদের স্বচ্ছতার প্রকাশ ঘটাবে তাদের বিবৃতির মধ্য দিয়ে।’

বারবার একইভাবে এরকম হত্যাকাণ্ড হাওয়ার বিষয়ে তিনি বলেন, ‘আমরা প্রতিদিন এরকম দৃশ্য দেখতে পাই। কিন্তু কেউ সে রকমভাবে প্রতিরোধ করছি না। আমাদের পরিবার ক্ষতিগ্রস্ত হয়নি বলে আমরা হয়তো ভাবছি যার যার জায়গায় নিরাপদে আছি। কিন্তু যেদিন আমার ঘরে আঘাত আসবে সেদিন কেউ আসবে না রক্ষা করতে। আমরা চাই না আমাদের সমাজে এমন অবস্থা বিরাজ করুক।’

আয়োজক সংগঠন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ এই হত্যার নিন্দা জানান ও একইসঙ্গে জোট আয়োজিত তিন দিনব্যাপী বিজয় উৎসরে সঙ্গে তনু হত্যার প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, ‘কেন্দ্রীয় শহীদ মিনার ও রবীন্দ্র সরোবরে ২৪, ২৫ ও ২৬ মার্চ তিনদিনব্যাপী বিজয় উৎসবে তনু হত্যার প্রতিবাদে উৎসবের শুরুতে হত্যাকারীদের শাস্তির দাবি জানানো হবে।’

জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ বলেন, ‘বর্তমানে যা হচ্ছে তা আমাদের সমাজেরই প্রতিচ্ছবি। আমাদের দেশের প্রতিটি রন্ধ্রে ঢুকে গেছে মাদক। প্রশাসন তার জায়গা থেকে দায়িত্ব পালন করছে না। ফলে এমন হত্যা প্রতিদিন দেখছি। হয়তো আরও দেখবো। কিন্তু এমনটা প্রত্যাশিত ছিল না। আমরা এই হত্যা আর দেখতে চাই না। এর সুরাহা চাই।’

এছাড়াও বক্তব্য প্রদান করেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মো. আহ্কাম উল্লাহ, বাংলাদেশ পথনাটক পরিষদের সভাপতি মান্নান হীরা, সাধারণ সম্পাদক আহমেদ গিয়াস ও ভিক্টোরিয়া থিয়েটারের কর্মীরা। প্রতিবাদ সমাবেশ শেষে বিক্ষাভ মিছিলে অংশ নেয় প্রায় দুই শতাধিক সংস্কৃতিকর্মী।

আরও পড়ুন