বুধবার ৪ নভেম্বর ২০২৬

পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি চালাতে বাধ্য হয় বিজিবি

aziz_106823পিরোজপুরে মঠবাড়িয়ায় নির্বাচনী সহিংসতা নিয়ন্ত্রণে আনতেই বিজিবি গুলি চালাতে বাধ্য হয় বলে জানিয়েছেন বাহিনীর প্রধান মেজর জেনারেল আজিজ আহমেদ।

বৃহস্পতিবার রাজধানীর পিলখানায় বিজিবির সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি  এ কথা জানান।

গত মঙ্গলবার ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে পিরোজপুরের মঠবাড়িয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের গুলিতে পাঁচজন নিহত হয়। এ ঘটনায় আহত হয় আরো অনেকে।

ধানীসাফা ইউনিয়নের সাফা ডিগ্রি কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিনজন ঘটনাস্থলেই মারা যান। তারা হলেন- ফজলু মাতুব্বরের ছেলে সোহেল (২৫), আবদুল মজিদের ছেলে শাহাদাত (৩০) ও সাইদুল মৃধার ছেলে কামরুল মৃধা (২৫)। এদের সবার বাড়িই উপজেলার হরিণ তলায়। এছাড়া বুড়িরচর গ্রামের গুরুতর আহত বেল্লাল (৩০) ও সোলায়মানকে (২৮) চিকিৎসার জন্য বরিশালে নেয়ার পথে মারা যান। নিহতরা সবাই নৌকার সমর্থক বলে জানা গেছে।

জানা যায়, উপজেলার ধানীসাফা ইউনিয়নের সাফা ডিগ্রি কলেজ কেন্দ্রে আগে থেকেই নৌকার সিল মারা বেশকিছু ব্যালট বাতিল বলে ঘোষণা করেন দায়িত্বরত ম্যাজিস্ট্রেট। কিন্তু ব্যালট বাতিলে বাধা দেয় নৌকার সমর্থকরা। এ সময় ম্যাজিস্ট্রেট কাজী জিয়াউলকে অবরুদ্ধ করে রাখা হয় বলে জানা যায়। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী এসে তাকে উদ্ধার করে। এ সময় বিজিবির গুলিতে পাঁচজন নিহত হন। আহত হন আরো অনেকেই। ম্যাজিস্ট্রেটের নির্দেশেই গুলি চালানো হয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন