মানহানির অভিযোগে পাবনায় দায়ের করা একটি মামলায় অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন ইংরেজি দৈনিক ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম। বৃহস্পতিবার মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির হয়ে তিনি জামিনের আবেদন করলে বিচারক মো. নাজিমুদ্দৌলা তা মঞ্জুর করেন।
গত ১৬ ফেব্রুয়ারি জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি রেজাউল রহিম পাবনা আমলি আদালত-১-এ মানহানির এই মামলাটি করেন।
আদালত সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১ টার দিকে সম্পাদক মাহফুজ আনাম আদালতে হাজির হন। মামলার বাদী আদালতে অনুপস্থিত থাকায় বাদী পক্ষের আইনজীবীরা সময় চেয়ে আবেদন করেন। আদালত দুই পক্ষের শুনানি শেষে মাহফুজ আনামের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেন। সেই সঙ্গে আগামী ১২ মে পরবর্তী শুনানির তারিখ ধার্য করা হয়েছে।
মাহফুজ আনামের পক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী মলয় কুমার রায়, আব্দুল হান্নান, খায়রুল হাসান, রুহুল আমিন, সাইফুল ইসলাম সিদ্দিক, মঞ্জুর আলম বিশ্বাস ও আব্দুর রহিম।
৪ ফেব্রুয়ারি রাতে একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে এক-এগারোর সময় সংবাদ প্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের বিচ্যুতির প্রসঙ্গ উল্লেখ করে মাহফুজ আনাম তাঁর পত্রিকায়ও এমন ত্রুটি-বিচ্যুতি হয়েছিল বলে স্বীকার করেন। পরদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তাঁর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি-বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে ‘ডেইলি স্টার’ সম্পাদকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ তুলে বিচার চান। এরপর ৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদে কয়েকজন সাংসদ ‘ডেইলি স্টার’ বন্ধ করা এবং মাহফুজ আনামের পদত্যাগ ও বিচার দাবি করেন। এরপর থেকেই মাহফুজ আনামের বিরুদ্ধে একের পর এক মামলা দেওয়া শুরু হয়। তবে এরই মধ্যে তিনি বেশ কয়েকটি মামলায় জামিন পেয়েছেন।


