
বাংলাদেশ-ভারত ম্যাচের স্বচ্ছতা নিয়ে সন্দেহ প্রকাশ করলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার তওসিফ আহমেদ। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুর্নীতিবিরোধী ও নিরাপত্তা ইউনিটের কাছে ওই ম্যাচের তদন্ত দাবি করলেন পাকিস্তানের এ সাবেক স্পিনার। পাকিস্তান ‘এ’ দলের প্রধান কোচ ৫৭ বছরের তওসিফ ১ রানে বাংলাদেশের পরাজয়ের মধ্যে অন্যকিছুর আভাসও পাচ্ছেন।
জিও সুপার চ্যানেলকে তওসিফ আহমেদ বলেন, যেভাবে ম্যাচটি শেষ হয়েছে তা আমার কাছে সঠিক মনে হয়নি। আমি মনে করি এ নিয়ে আইসিসিসহ কর্তৃপক্ষের তদন্ত করা উচিত। ওই ম্যাচের শেষ বলে হেরে যায় বাংলাদেশ। ৩ উইকেট হাতে রেখে ইনিংসের শেষ তিন বলে বাংলাদেশের প্রয়োজন ছিল ২ রান। সুপার টেন পর্বের গ্রুপ-২-তে বাংলাদেশের বিপক্ষে ওই ম্যাচে ১ রানের জয় নিয়ে সেমিফাইনালের আশা বাঁচে ভারতের।
মাহমুদুল্লাহ ও মুশফিক অযথা বল উড়িয়ে ছক্কা মারতে গিয়ে পর পর দুই বলে আউট হন। যেখানে অনায়াসে সিঙ্গেলসের মাধ্যমে ১ রান করে নিয়ে ম্যাচ জেতানো সম্ভব ছিল।
তওসিফ আহমেদ বলেন, বাংলাদেশ এখন আর অনভিজ্ঞ দল নয়। তাদের অভিজ্ঞ খেলোয়াড়রা ক্রিজে ছিলেন তখন। আমি বুঝতে পারি না, কেন তারা প্রথমে ম্যাচটা ড্র করার চেষ্টা করেননি। কেনইবা তারা বড় হিট খেলতে গেলেন।
তওসিফ আহমেদ বলেন, আমার অভিজ্ঞতা বলছে কিছু একটা গণ্ডগোল রয়েছে। আমি জানি না কি বলবো। সবচেয়ে ভালো হয় যদি আইসিসি ম্যাচটির দিকে নজর দেয় ও তদন্ত করে। দেখুন, এখনকার দিনে সবাই জানেন ক্রিকেট ম্যাচে অনেক ঘটনা ঘটে। তাই এ ম্যাচটি খতিয়ে দেখার মধ্যে অন্যায় কিছু নেই।
এবারের পাকিস্তান সুপার লীগের চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড দলের অন্যতম কোচ তওসিফ আহমেদ ক্যারিয়ারে খেলেছেন ৩৪টি টেস্ট ও ৭০টি ওয়ানডে।


