দ্বিতীয় দফার ইউপি নির্বাচনে ভোট গ্রহণের শুরুতে কুমিল্লার দুই উপজেলার দুই কেন্দ্রে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০জন আহত হয়ছেন। এছাড়া বরুড়া উপজেলার আদ্রা ইউপির নৌকার প্রার্থী মঞ্জুর হোসেনের বাড়ি থেকে ৫টি ককটেল উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল ৮টায় দ্বিতীয় ধাপে ইউপি নির্বাচনে ভোটগ্রহণ শুরু হতেই বরুড়া উপজেলার খোশবাস ইউপি ও সদর দক্ষিণ উপজেলার পশ্চিম জোর কানন ইউপিতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
খোশবাস কেন্দ্রে থাকা পুলিশের পরিদর্শক আসলাম শিকদার জানান, বরুড়া উপজেলার ৩ নং খোশবাস ইউপির আরিফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল সাড়ে ৮ টার দিকে আ’লীগের প্রার্থী নাজমুল হাছান ও জাপার প্রার্থী শাহ আলমের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত ১০জন আহত হয়েছেন।
তিনি জানান, পুলিশের কঠোর অবস্থানের কারণে কেন্দ্রে ভোট গ্রহণ স্বাভাবিক রয়েছে।
এদিকে, জেলার সদর দক্ষিণের পশ্চিম জোর কাননের কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মাঝে সংঘর্ষ হয়েছে। পুলিশ ওই কেন্দ্রের পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে টিয়ারসেল ও ফাঁকা গুলি ছুড়ে। পৌনে ১০ টায় এ সংবাদ লেখা পর্যন্ত সংঘর্ষ চলছিল। ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
অপরদিকে বরুড়া উপজেলার আদ্রা ইউপির পেরপেটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের বাইরে নৌকার প্রার্থী মঞ্জুর হোসেনের বাড়ি থেকে ৫টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার বড় ছেলে হাছান জামিলকে আটক করা হয়েছে।


