চেক প্রতারণার মামলায় নারায়ণগঞ্জের সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বির জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার চেম্বার বিচারপতি মির্জা হোসেইন হায়দার এ আদেশ দেয়। এ আদেশের ফলে আগামী বছরের ৫ জানুয়ারি পর্যন্ত রাব্বি জামিন পেয়েছেন বলে জানিয়েছেন তার আইনজীবী খুরশীদ আলম খান।
এর আগে গত ২৯ মার্চ নারায়গঞ্জের আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। পরে জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করলে আদালত তা খারিজ করে দেন।
এরই ধারাবাহিকতায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে গত ৩০ মার্চ লিভ টু আপিল করেন রাব্বি, যেখানে তার জামিন আবেদন জানানো হয়।
তবে আজ (৩১ মার্চ) জামিনের জন্য আপিল শুনানি শেষে তার জামিন মঞ্জুর করা হয়। এসময় রফিউর রাব্বির পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। বাদীপক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী রবিউল আলম বুদু।
আইনজীবী খুরশীদ আলম খান জানান, আজ চেম্বার বিচারপতির আদেশের ফলে আগামী বছরের ৫ জানুয়ারি পর্যন্ত রফিউর রাব্বির জামিন বহাল থাকবে। সেইসঙ্গে ওইদিন আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে লিভ টু আপিল শুনানির জন্য দিন ধার্য করে দিয়েছে।
নারায়ণগঞ্জের সাংস্কৃতিক সংগঠক রফিউর রাব্বি ২০১৩ সালে অপহরণকারীদের হাতে নিহত স্কুলছাত্র ত্বকীর বাবা। ওই হত্যাকাণ্ডের জন্য ক্ষমতাসীন দলের সাংসদ শামীম ওসমান ও তার পরিবারের সদস্যদের দায়ী করে আসছিলেন রাব্বি।
তার বিরুদ্ধে চেক জালিয়াতির এ মামলার বাদী জালাল উদ্দিন সম্পর্কে শামীম ওসমানের মামা শ্বশুর। রাব্বির মালিকাধীন পোশাক কারখানা সাইন নিটওয়্যার লিমিটেডের কাছে সোনালী ব্যাংক নারায়ণগঞ্জ করপোরেট শাখার সুদে-আসলে ১৯ কোটি ৪০ লাখ ১০৪ টাকা পাওনা থাকায় তার বিরুদ্ধে আরও দুটি মামলা রয়েছে।


