বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের পুরো ভিডিও পাওয়া যাচ্ছে না

Mujib-7স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭১ সালের ৭ মার্চের ভাষণের ৪ মিনিট ৭ সেকেন্ডের ভিডিও খুঁজে পাওয়া যাচ্ছে না। বঙ্গবন্ধুর পুরো ভাষণটি ছিল ১৮ মিনিট ৭ সেকেন্ডের। পাওয়া গেছে ১৪ মিনিটের ভিডিও। বাংলাদেশ ফিল্ম আর্কাইভ, বাংলাদেশ টেলিভিশন, ডিএফপিসহ সংশি­ষ্ট দপ্তরে খোঁজ করে বুধবার পাওয়া যায়নি এ দুর্লভ ভাষণের পুরো ভিডিও। অবশ্য ভাষণের ১৮ মিনিট ৭ সেকেন্ডের পুরো অডিও পাওয়া গেছে। একাধিক সূত্রে এ তথ্য জানা গেছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালে ৭ মার্চ বর্তমান ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে (তৎকালীন রেসকোর্স ময়দান) স্বাধীনতার ডাক দিয়েছিলেন। ‘এবার সংগ্রাম, মুক্তির সংগ্রাম’, ‘এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম’ ডাক সম্বলিত বঙ্গবন্ধুর ভাষণ ছিল ঐতিহাসিক। বিশ্বের অন্যতম সেরা এ ভাষণটির ভিডিও রঙ্গিন করে ইংরেজিসহ কয়েকটি ভাষায় প্রচার করার পরিকল্পনা রয়েছে সরকারের।

সূত্র জানায়, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের ভিডিও থ্রিডি ও সেভেনডিতে ব্যাপকভাবে প্রচারের উদ্যোগ নিয়েছে সরকার। মুম্বাই’য়ে এ ভাষণ থ্রিডি ও সেভেনডিতে ট্রান্সফার করার কার্যক্রম চলছে। এ জন্য ১৮ মিনিট ৭ সেকেন্ডের পুরো ভাষণটি প্রয়োজন হয়ে পড়ে। এ ঘটনা জানতে পরে পুরো ভাষণটির ভিডিও উদ্ধারে প্রধানমন্ত্রীর কার্যালয় ও তথ্য মন্ত্রণালয় থেকে নির্দেশ দেওয়া হয়েছে। এ নির্দেশ পেয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ, বাংলাদেশ টেলিভিশন, ডিএফপিসহ সংশি­ষ্ট দপ্তরের মহাপরিচালকদের তদারকিতে সংরক্ষিত এই ভিডিও উদ্ধারে চেষ্টা চালাচ্ছে।

আরও পড়ুন