বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

বড় ধরনের কোনো ‘অপ্রীতিকর’ ঘটনার খবর আসেনি: ইসি

EC_jagonews20150609191222দ্বিতীয় ধাপের ৬৩৯ ইউনিয়নের ভোটের অর্ধেক সময় পেরিয়ে নির্বাচন কমিশনার মো. আবু হাফিজ বলেছেন, এখন পর্যন্ত ‘ভালোভাবে’ ভোটগ্রহণ চলছে।

বৃহস্পতিবার সকালে ভোটগ্রহণ শুরুর চার ঘণ্টার মাথায় তিনি বলেন, আমরা পর্যবেক্ষণ করছি। গণমাধ্যম, ভোটগ্রহণ কর্মকর্তা ও নিজস্ব কর্মকর্তাদের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হচ্ছে। এখন পর্যন্ত ভালোভাবে যাচ্ছে।

এখনও কোথাও বড় ধরনের কোনো ‘অপ্রীতিকর’ ঘটনার খবর আসেনি বলে জানিয়েছেন তিনি।

তবে এরইমধ্যে ঢাকার কেরানীগঞ্জ ও যশোরে দুই ভোট কেন্দ্রে গোলাগুলির মধ্যে পড়ে এক শিশুসহ দুজন নিহত হয়েছেন। কেন্দ্র দখলসহ ভোটে অনিয়মের অভিযোগ এসেছে কুষ্টিয়া, চট্টগ্রামের সীতাকুণ্ড, কুমিল্লা, জামালপুরসহ কয়েকটি এলাকা থেকে। অনিয়ম, গোলযোগে অন্তত পাঁচটি কেন্দ্র স্থগিতের খবর পাওয়া গেছে।

যশোরের একটি কেন্দ্রে ব্যালটপেপারে সিল মারার জেরে তিন সদস্য প্রার্থী ও তাদের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার পর এক সহকারী প্রিজাইডিং কর্মকর্তাসহ তিনজনকে আটক করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে আবু হাফিজ বলেন, যেখানে কোনো অনিয়মের তথ্য আসছে তা খতিয়ে দেখা হচ্ছে। সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। কেন্দ্রের ভেতরে কোনো অনিয়ম হলেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। কেন্দ্রের বাইরেও কোনো অঘটন ঘটলে আইন-শৃঙ্খলাবাহিনী পদক্ষেপ নেবে।

ইসির নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব সামসুল আলম জানান, বিচ্ছিন্নভাবে নানা অভিযোগে স্থানীয়ভাবে বিভিন্ন কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হলেও একীভূত তথ্য এখন জানাতে পারছেন না তারা। বিকালে পূর্ণাঙ্গ তথ্য দেওয়া যাবে।

ভোট নিয়ে সংঘাত ও হতাহতের সামগ্রিক চিত্র এখনও ইসির কাছে আসেনি বলে জানান তিনি।

তবে কিছু এলাকায় অনিয়মে অসন্তোষ প্রকাশ করেছেন ইসি কর্মকর্তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, যেখানে অনিয়মের সংবাদ পাচ্ছি, সেখানে আমরা সার্বিকভাবে চাপে রাখার চেষ্টা করছি। আইন শৃঙ্খলাবাহিনীকেও বড় ভূমিকা রাখতে হবে। কেউ নিষ্ক্রিয় থাকছে এমন অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এখন পর্যন্ত ভোটের হার কেমন সে বিষয়ে কোনো ধারণা দিতে পারেননি নির্বাচন কমিশনার আবু হাফিজ।

বিকাল ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পরই এ বিষয়ে কথা বলতে চান তিনি।

প্রথম ধাপে ২২ মার্চের নির্বাচনে ৭৪ শতাংশ ভোট পড়েছে। ভোটের দিন বিভিন্ন নির্বাচনী এলাকায় অনিয়মের অভিযোগ এলেও ভোটপরবর্তী সহিংসতায় মারা গেছে অন্তত আট জন।

আরও পড়ুন