গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া এলাকার একটি বাসাবাড়ি থেকে ৩টি পেট্রোল বোমা ও ২০টি হাত বোমাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার বেলা ১১টার দিকে বোমাসহ তাদের আটক করা হয়।
আটকরা হলেন- বাড়ির মালিক মো. ফরিদ উদ্দিন ও তত্বাবধায়ক মো. সোহেল রানা।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শুক্রবার বেলা ১১টার দিকে ফরিদ উদ্দিনের বাড়িতে অভিযান চালায়। এসময় তার আধাপাকা ঘরের একটি কক্ষ থেকে বোমাগুলো উদ্ধার করা হয়। বোমাগুলো নিস্ক্রিয় করার জন্য পুলিশের বিশেষজ্ঞ টিমকে খবর পাঠানো হয়েছে। এঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।


