বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

সুন্দরবন নিয়ে নিরপেক্ষ সমীক্ষার দাবি

sundorban_8688সুন্দরবন নিয়ে একটি নিরপেক্ষ আন্তর্জাতিক ও সত্যিকার বিজ্ঞানভিত্তিক পরিবেশ সমীক্ষা নিশ্চিত করার দাবি জানিয়েছে সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি। ওই সমীক্ষার ভিত্তিতেই সুন্দরবনে ইউনেসকোর তত্ত্বাবধানে প্রকল্পসহ যে কোনো অবকাঠামো বিবেচনার দাবি জানিয়েছে কমিটি।

শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল বলেন, ইউনেসকো প্রতিনিধি দলের সফরসূচিতে সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি, তেল-গ্যাস ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত থাকলেও সরকার পরিকল্পিতভাবে এসব বৈঠক করতে দেয়নি।

ইউনেসকোর উপদেষ্টা ফেনি এ্যাডলফিন ডবারের নেতৃত্বে তিন সদস্যের একটি দল গত ২২ মার্চ বাংলাদেশে আসেন। ২৩ থেকে ২৫ মার্চ পর্যন্ত তারা সুন্দরবন সফর করেন। রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র স্থাপনসহ বিভিন্ন কারণে সুন্দরবনের ওপর কী ধরনের ক্ষতিকর প্রভাব পড়তে পারে তা খতিয়ে দেখে ইউনেসকোর প্রতিনিধি দলটি। তারা সুন্দরবনে তেলবাহী জাহাজ ও কয়লাবাহী জাহাজডুবির ঘটনাস্থলসহ সুন্দরবনের বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেন। পরে সরকারের বিভিন্ন পর্যায়ে আলোচনা করেন।

সুলতানা কামাল বলেন, শুধুমাত্র সরকারি বক্তব্য ও ব্যাখ্যা পেয়েই ইউনেসকো মিশন তাদের সফর শেষ করে গেছে। ফলে মিশনের সম্ভাব্য প্রতিবেদন অসম্পূর্ণ ও একপেশে হলেও অবাক হওয়ার কিছু থাকবে না।

সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, তেল-গ্যাস ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব আনু মুহাম্মদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বদরুল ইমাম, এম এম আকাশ, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক ও সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব মো. আবদুল মতিন, সিপিবি নেতা রুহিন হোসেন প্রিন্স প্রমুখ বক্তব্য দেন ।

আরও পড়ুন