অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের আওতায় থাকা দোকান ও খালি জায়গা বরাদ্দ, ভবন নির্মাণ এবং দরপত্রে চরম অনিয়ম করেছেন সাবেক মেয়র সাদেক হোসেন খোকা।
রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে মন্ত্রণালয় কর্তৃক গঠিত ৩ সদস্যের তদন্ত কমিটি এসব তথ্য জানায়। বৈঠকে এ সংক্রান্ত প্রতিবেদন উপস্থাপন করা হয়।
গত বছরের জুনে সংসদীয় কমিটির সুপারিশে সাদেক হোসেন খোকার আমলের কর্মকাণ্ড তদন্তের জন্য মন্ত্রণালয় অতিরিক্ত সচিব আকরাম আল হোসেনকে আহ্বায়ক করে তিন সদস্যের কমিটি গঠন করে। এই কমিটি ২০০২ সাল থেকে পরবর্তী প্রায় ৯ বছর খোকার মেয়াদকালের কর্মকাণ্ড তদন্ত করে।
মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়, সাদেক হোসেন খোকার সুপারিশে নিয়মের বাইরে ঢাকা সিটি করপোরেশনের আওতাধীন বিভিন্ন মার্কেটে ২৬টি দোকান ও খালি জায়গা বরাদ্দ দেয়া হয়।
এছাড়া রমনা শপিং কমপ্লেক্স নির্মাণে মাসুদ কর্পোরেশনকে কাজ দেয়া ও দিলকুশায় বহুতল কার পার্কিং নির্মাণে নিয়ম না মানার কথা উঠে এসেছে তদন্তে।
এ বিষয়ে সংসদীয় কমিটির সদস্য রহিমা আকতার সাংবাদিকদের বলেন, সাদেক হোসেন খোকার বিরুদ্ধে দুর্নীতির মামলা চলছে। এ অবস্থায় তদন্ত প্রতিবেদন নিয়ে নিজস্ব আইনজীবীদের সঙ্গে পরামর্শ করতে মন্ত্রণালয়কে বলা হয়েছে। প্রয়োজনে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সঙ্গে আলোচনা করা যেতে পারে।


