ঘুষের অভিযোগে এনে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা এক মামলায় পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর খালাসের রায় বহাল রেখেছে আপিল বিভাগ।
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দুদকের করা লিভ টু আপিল খারিজ করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এই রায় দেয় সোমবার।
আদালতে মঞ্জুর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।
২০০৭ সালের ২৫ অাগস্ট তত্ত্বাবধায়ক সরকারের সময়ে শাহবাগ থানায় দুদক মামলাটি করে। ১৯৯৬-২২০১ মেয়াদে যোগাযোগমন্ত্রী থাকাকালে জাতীয় পার্টির নেতা মঞ্জু বাগেরহাটের মোল্লারহাট থেকে টাউন নোয়াপাড়া সড়ক সংস্কার কাজে ৭৫ লাখ টাকা ঘুষ নিয়েছিলেন বলে মামলায় অভিযোগ করা হয়।
এ মামলায় ২০০৮ সালে ১০ জুন ঢাকার বিশেষ জজ আদালত আনোয়ার হোসেন মঞ্জুকে সাত বছরের কারাদণ্ড ও ৭৫ লাখ টাকা জরিমানার আদেশ দেয়।
এরপর তিনি নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে হাই কোর্টে আপিল করেন। ২০১০ সালের ২৩ অগাস্ট হাই কোর্টের রায়ে খালাস পান মঞ্জুর। এই রায়ের বিরুদ্ধে ২০১৪ সালের ৮ এপ্রিল আপিলের অনুমতি চেয়ে আবেদন করে দুদক।


