খাদ্য সচিব এ ম বদরুদ্দোজার বিরুদ্ধে আদালত অবমাননার নোটিশ জারি করেছে হাইকোর্ট। ফরমালিন পরীক্ষার সঠিক যন্ত্র সংগ্রহ না করায় মঙ্গলবার এই সচিবের বিরুদ্ধে নোটিশ জারি করেন বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি জাফর আহমদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ।
আগামী সাত দিনের মধ্যে খাদ্য সচিবকে আদালত অবমাননার নোটিশের ব্যাখ্যা দিতে বলা হয়েছে। আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ।
তিনি জানান, ২০১৪ সালের ২৪ নভেম্বর হাইকোর্টের একটি বেঞ্চ খাদ্য, ফলমুল পরীক্ষার জন্য সঠিক ফরমালিন যন্ত্র নির্বাচন এবং সংগ্রহ করতে নির্দেশ দেন। ৩০ দিনের মধ্যে যন্ত্র সংগ্রহ করতে বলা হয়। নির্ধারিত সময়ের মধ্যে আদালতের নির্দেশ পালন না করায় আইনজীবী মনজিল মোরসেদ খাদ্য সচিবকে লিগ্যাল নোটিশ পাঠিয়ে আদালতে নির্দেশনা মানার জন্য অনুরোধ করেন।
এরপরও সঠিক ফরমালিন যন্ত্র সংগ্রহ না করায় খাদ্য সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেন রিটকারী আইনজীবী। মঙ্গলবার সেই মামলার শুনানি হয়।
শুনানিতে আইনজীবী মনজিল মোরসেদ বলেন, ‘দীর্ঘদিন থেকে ফরমালিন পরীক্ষার সঠিক যন্ত্র না থাকায় বর্তমানে ফল, মাছ, সবজিসহ বিভিন্ন খাদ্য ফরমালিনের উপস্থিতি সনাক্ত করে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে নেয়া যাচ্ছেনা। যার কারণে জনগণের স্বাস্থ্য মারাত্মক ঝুঁকিতে পরছে। আদালত শুনানি শেষে খাদ্য সচিবের প্রতি ব্যাখ্যা চেয়ে নোটিশ জারি করেছেন।’


